কাল সারা দেশে জামায়াতের প্রতিবাদ সমাবেশ
মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামী কাল শনিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার দুপুরে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।সিএনজি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জামায়াত প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছিল। পুলিশের লাঠিপেটায় তা বন্ধ হয়ে যায়। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, সরকার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করছে। কিছু অতি উত্সাহী পুলিশ কর্মকর্তার বাড়াবাড়ি উদ্বেগজনক পরিবেশের সৃষ্টি করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে পুলিশকে হামলা করা হয়নি। যদি করা হতো তাহলে পুলিশ প্রেস রিলিজ দিয়ে জানাত।’ সংবাদ সম্মেলনে দলের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, প্রচার সেক্রেটারি তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, এ টি এম মাসুম, আবদুল্লাহ মো. তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।