কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের ওপর পুলিশের হামলা, গ্রেপ্তারের প্রতিবাদে কাল সোমবার রাজধানী, প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।আজ রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কালকের পূর্বঘোষিত বিজয় র্যালির পরিবর্তে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কালই পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী বুধবার সারা দেশে গণমিছিলের ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তে কথা জানান। তিনি বলেন, বৈঠকে সরকারের এই হামলা নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।খালেদা জিয়ার সভাপতিত্বে রাত আটটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থায়ী কমিটির সদস্য ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে আন্দোলন কর্মসূচি ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।