বিএনপি কাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে গতকালের সহিংস ঘটনায় করা একটি মামলা থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নাম প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ ঘোষণা দেন।ঘোষণার পরপরই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা নয়াপল্টনে একটি বাসে আগুন ধরিয়ে দেন।অন্যদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, একই কারণে বিএনপির কর্মীরা বিকেল চারটার দিকে মিরপুর-১ নম্বরে একটি, মিরপুর-১১ নম্বরে একটি এবং কাকরাইল মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, আগুন লাগার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে শ্রীনগরে গতকাল সোমবারের সহিংস ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সরকারপক্ষের আইনজীবী (পিপি) আবদুল মতিন মুন্সিগঞ্জের বিচারিক হাকিম আবুল হাসনাতের আদালতে মামলাটি করেন।