অবরোধ কর্মসূচির পর কাল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ ছাড়া, আজ সোমবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল রোববারের অবরোধ কর্মসূচিতে ‘পুলিশ ও সরকারি দলের কর্মীদের হামলায় বিএনপি-জামায়াতের চার কর্মীকে খুন, ৪৪৭ জনকে গ্রেপ্তার ও ছয় শতাধিক নেতা-কর্মীকে আহত করার’ প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। গত রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠকের মাঝখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফিংয়ে আজ সোমবার বিক্ষোভ সমাবেশ ও কাল মঙ্গলবার হরতাল কর্মসূচির কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘আজকের শান্তিপূূর্ণ অবরোধ কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। গুলিবিদ্ধ করেছে অনেককে। সারা দেশে ছয় শতাধিক নেতা-কর্মী হামলায় আহত হয়েছেন।’ তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সরকারের এই ‘বর্বর কর্মকাণ্ডের’ নিন্দা এবং অবরোধ কর্মসূচিতে নিহতদের প্রতি শোক প্রকাশ ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।স্থায়ী কমিটির বৈঠকে আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সাদেক হোসেন খোকা।