কাল সিরাজগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
কাল রোববার সিরাজগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার বাসমালিক ও শ্রমিকেরা এ ঘোষণা দেন। সিরাজগঞ্জ-কাজীপুর-সোনামুখী এবং সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে সব যাত্রীবাহী বাস চলাচল গতকাল শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বাসমালিক ও শ্রমিকদের অভিযোগ থেকে জানা গেছে, হিউম্যান হলার, সিএনজি, ভটভটি, নছিমন প্রভৃতি যান অবৈধভাবে প্রধান সড়কে চলাচল করছে। মাঝেমধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে এসব যানবাহনের চালকেরা বাসের শ্রমিকদের লাঞ্ছিত করেন। এ কারণে গতকাল থেকে সিরাজগঞ্জ-কাজীপুর-সোনামুখী এবং সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে সব ধরনের বাস চলাচল শ্রমিকেরা বন্ধ করে দেন। এ ঘটনার জেরে ধরে কাল রোববার থেকে সিরাজগঞ্জ থেকে বাকি সব রুটেও বাস চলাচল বন্ধ থাকবে। সিরাজগঞ্জ জেলা কোচ, বাস, মিনিবাস ও মোটর মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি জানান, শ্রমিকেরা নির্যাতিত হয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি মীমাংসার জন্য সবাইকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।