কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার এবং সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কাল মঙ্গলবার সংবাদপত্র-গুলো সম্পাদকীয় প্রকাশ করবে। এ ছাড়া ইলেকট্রনিক মিডিয়ায় আজ সোমবার বিশেষ প্রতিবেদন প্রচার করা হবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমের প্রধান বা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিক নেতাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কাল মঙ্গলবার বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি উপলক্ষে গতকাল অনুষ্ঠিত হয় ওই সভা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আশ্বাসে সাংবাদিকেরা কর্মসূচি স্থগিত করেছিলেন। সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া এবং মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের দাবিতে সাংবাদিকদের সংগঠন ও ইউনিয়নগুলোর যৌথ আহ্বানে কাল অবস্থান কর্মসূচি পালিত হবে। গতকালের সভায় উপস্থিত ছিলেন দি ইনডিপেন্ডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক সংগ্রাম-এর ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল আমিন, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনয়েম, বার্তাপ্রধান শাহ আলমগীর প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, আবদুস শহীদ, ওমর ফারুক, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আলম খান প্রমুখ।