কাল ‘বর্ণমেলা’য় সবার আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ‘বর্ণমেলা’র আয়োজন করেছে প্রথম আলো। ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আর চট্টগ্রামে দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া স্কুল মাঠ) প্রাঙ্গণে মেলা শুরু হবে সকাল নয়টায়। এই মেলাতে থাকবে অনেক কিছু। গান, জাদু, বর্ণ জাদুঘর, বর্ণ প্রদর্শনী, খাবারে বর্ণ, পোশাকে বর্ণ, বর্ণের ছবি, হাতেখড়ি, ছবি আঁকার প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বর্ণের গোলক ধাঁধা, ভাষা আন্দোলনের ওপর আলোকচিত্র প্রদর্শনী, পাপেট শো, মাপেট শো, সিসিমপুরের জনপ্রিয় চরিত্রদের সঙ্গে সাক্ষাৎ, মূকাভিনয়, নাটক, নাগরদোলা, সাজসজ্জা, বইয়ের প্রদর্শনী, বর্ণ দিয়ে নানা স্থাপনা তৈরি—এমনই নানা কিছু।ঢাকার অনুষ্ঠানে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা, জাগরণ, রফিকুল আলম, আবিদা সুলতানা, লাইসা আহমেদ লিসা, বুলবুল ইসলাম, শারমীন সাথী ইসলাম ও কনা। থাকবে নাটুয়ার পরিবেশনা। অনুষ্ঠান শুরু হবে ঠিক সকাল নয়টায়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের আয়োজন দুটি সবার জন্য উন্মুক্ত। ছোটরা তো অবশ্যই, আসতে পারবেন বড়রাও। আর আসতে হবে অবশ্যই সকাল নয়টার মধ্যে। তা না হলে অনেক কিছু যে দেখা হবে না।ঢাকার আয়োজনটি কাল মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাসরি দেখাবে দেশ টিভি আর চট্টগ্রামের আয়োজনটি বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখাবে মাছরাঙা টেলিভিশন।