কালকিনি পৌরসভার দুটি সড়কে সাপের আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঝাউতলা থেকে কালকিনি পুরানবাজার ও ভূরঘাটা-কালকিনি সড়কের বাঁশতলা সেতু থেকে পাঙ্গাশিয়া গ্রামের পেশকারবাড়ী পর্যন্ত দুটি সড়কে সাপের আতঙ্ক বিরাজ করছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার এ দুটি রাস্তার দুই পাশ ঝোপঝাড়বেষ্টিত ও অপরিষ্কার থাকার কারণে সাপের উপদ্রব বেড়ে গেছে। দিনের বেলায় স্কুলগামী শিশু-কিশোরেরা সাপের উপদ্রবে এ রাস্তায় চলাচল করতে ভয় পায় এবং সন্ধ্যার পর পথচারীরা সাপের ভয়ে লাঠি নিয়ে চলাচল করে।স্কুলছাত্র রায়হান (৭) বলে, ‘এহন এ রাস্তা দিয়া স্কুলে যাইতে ডর করে। রাস্তায় বাইর হইলেই দেহি সাপ।’পাঙ্গাশিয়া এলাকার সুধাংশু দাস বলেন, রাস্তার দুই দিকে জঙ্গল আর পানি। সাপ উঠে এসেছে রাস্তায়। সাপের ভয়ে শিশুরা রাস্তায় আসে না। বয়স্ক ব্যক্তিরা লাঠি হাতে নিয়ে চলাচল করেন।রাজদী এলাকার আবদুল গনি ব্যাপারী বলেন, ‘হাটবারে (শনি-মঙ্গল) বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আর এ রাস্তা দিয়েই ফিরতে হয়। তখন লাইট ছাড়া পথ চলা বিপজ্জনক। এ পর্যন্ত বেশ কয়েকটি সাপ মারা হয়েছে।’এ ব্যাপারে কালকিনি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নূরে আলম চৌকিদার বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি খুব দ্রুত খোঁজ নিয়ে রাস্তার দুই পাশ পরিষ্কার করার ব্যবস্থা নেব।’