কালকিনিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণে চার গুণ ফি আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় কালকিনি উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৭০০ পরীক্ষার্থীর কাছ থেকে সরকার-নির্ধারিত ফি থেকে চার গুণ বেশি আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটা করা হয়েছে দুই শিক্ষক সমিতির নেতার নামসংবলিত পাঠানো তালিকা অনুযায়ী।জানা গেছে, সরকার-নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য ৮৬০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ৭৮৫ টাকা। বিজ্ঞান বিভাগের অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ৯৬০ টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ৮৮৫ টাকা। কিন্তু বাংলাদেশ শিক্ষক সমিতি (ফেডারেশন) এবং বাংলাদেশ শিক্ষক সমিতির (আওয়াল-সিদ্দিকী) সভাপতি ও সেক্রেটারি সরকার-নির্ধারিত ফি উপেক্ষা করে মনগড়া একটি তালিকা ছাপিয়ে প্রতিটি বিদ্যালয়ে পাঠিয়ে দেন। যেখানে সরকারি ফি ৮৬০ টাকা, সেখানে সমিতি-নির্ধারিত ফি দুই হাজার ৭৬০ টাকা, ৭৮৫ টাকার জায়গায় দুই হাজার ৬৬০ টাকা, ৯৬০ টাকার জায়গায় দুই হাজার ৮৬০ টাকা এবং ৮৮৫ টাকার জায়গায় দুই হাজার ৭৬০ টাকা। কোনো কোনো স্কুল এই সুযোগে আরও দেড় গুণ বাড়িয়ে ফি আদায় করেছে। কোনো কোনো শিক্ষার্থীকে ফরম পূরণ করতে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে।সরেজমিনে কালকিনি উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয় ঘুরে জানা গেছে, নবগ্রাম মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে ফি আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ডি কে আইডিয়াল আতাহার আলী একাডেমি, চলবল উচ্চবিদ্যালয়, কালীগঞ্জ উচ্চবিদ্যালয়, সাহেবরামপুর উচ্চবিদ্যালয়, কয়ারিয়া উচ্চবিদ্যালয়, গোপালপুর উচ্চবিদ্যালয় এবং সৈয়দ আবুল হোসেন একাডেমি তিন হাজার ৫০০ টাকা থেকে চার হাজার ৫০০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি ফি আদায় করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্কুলের শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘সরকার শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের কথা বলছে, অথচ আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে গিয়ে আমরা শিক্ষক সমিতি ও শিক্ষকদের কাছে জিম্মি হয়ে পড়েছি। সরকার-নির্ধারিত ফির তিন থেকে চার গুণ বেশি টাকা দিয়ে ফরম পূরণ করতে হয়েছে। এ ফরম পূরণ করতে গিয়ে অনেকেরই চড়া সুদে ঋণ করতে হয়েছে। আমরা ফরম পূরণে টাকা কম দিতে চাইলে প্রধান শিক্ষক সমিতির তালিকা দেখিয়ে তাঁদের নির্ধারিত ফি দিতে বাধ্য করেছেন।এ ব্যাপারে নবগ্রম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বাড়ৈ বলেন, ‘দুই সমিতি মিলে যে চার্ট দিয়েছে সেভাবেই আমরা ফি নিয়েছি। পাঁচ হাজার টাকা নিয়েছি, এ কথা সত্য নয়।’ কালীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (আওয়াল-সিদ্দিকী) কালকিনি উপজেলা শাখার সভাপতি হরিপদ দাস সমিতির তালিকার কথা স্বীকার করে বলেন, ‘বোর্ড যে টাকা নির্ধারণ করে দিয়েছে, সে টাকা খরচ হয়ে যায়, আমাদের কিছু থাকে না। পরীক্ষা চালাতে আমাদের কিছু খরচ লাগে। তাই কিছু অতিরিক্ত ফি আদায় করা হয়েছে।’ সৈয়দ নজরুল আলম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, ‘শিক্ষক সমিতি জোর করে প্রশ্ন, পাঠ্যবই ও পরীক্ষার ফি নির্ধারণ করে দেয়। আমরা বাধ্য হয়েই তা নিয়ে থাকি।’এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ বাড়ৈ বলেন, ‘সমিতি কোনো স্কুলের ফি নির্ধারণ করতে পারে না। বোর্ড নির্ধারিত ফির এক পয়সাও বেশি নিতে পারে না। তবে তালিকা সম্পর্কে আমার জানা নেই। সমিতি যদি তা দিয়ে থাকে, সেটা অবৈধ। আমি স্কুলগুলোর কাছে ব্যাখ্যা চাইব।’মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আতিয়ার রহমান বলেন, ‘বোর্ড-নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করার নিয়ম নেই। কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ দেড় হাজার টাকা নিতে পারে। এর চেয়ে বেশি নিলে তা অবৈধ। কোনো কোনো স্কুলে অতিরিক্ত ফি আদায় করেছে শুনেছি। তবে আমার কাছে কোনো অভিযোগ আসেনি।’