কালকিনিতে দেদার বিক্রি হচ্ছে নোট ও গাইড বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় নিষিদ্ধ গাইড ও নোটবই বিক্রি চলছে। বইয়ের দোকানগুলো কিছুটা গোপনে চালিয়ে যাচ্ছে এসব বইয়ের ব্যবসা। সরেজমিনে উপজেলার কয়েকটি বইয়ের দোকানে গিয়ে ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘বেশির ভাগ দোকানে নোট ও গাইড বই বিক্রি হচ্ছে। এই নোটবইগুলো ব্যবসায়ীরা পাশের অন্য দোকানে ও নিজ নিজ বাড়িতে অথবা নিরাপদ স্থানে রাখছে। বইগুলোর দামও নেওয়া হচ্ছে স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘অনেক ছাত্রছাত্রীকে দেখি গাইড বই নিয়ে স্কুলে আসে। শুনেছি কেউ কেউ গাইড বই কেনার জন্য ছাত্রছাত্রীদের উত্সাহ দিচ্ছে।’নাম প্রকাশে অনিচ্ছুক এক বই ব্যবসায়ী বলেন, ‘বিগত বছরগুলোর তুলনায় এবার নোটবইয়ের চাহিদা বেশি। সরকার নোটবই নিষিদ্ধ করেছে তাই আমরা গোপনে বিক্রি করি।’এ ব্যাপারে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বি এম হেমায়েত হোসেন বলেন, ‘কিছু শিক্ষক উত্সাহ দিতে পারেন। তবে আমার স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের নোটবই ব্যবহার না করার নির্দেশ দিয়েছি। তবে বাজারের বইয়ের দোকানগুলোয় প্রকাশ্যে গাইড বই বিক্রি হচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এটি বন্ধ হবে না।’এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না, শিগগিরই মোবাইল কোর্টের মাধ্যমে এদের ধরতে হবে এবং বন্ধ করতে হবে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নোটবই না কেনার জন্য সচেতন করা হবে।’