কালকিনিতে যোগাযোগমন্ত্রীর সংবর্ধনা: এমন আরও ২০টি সমাবেশ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুধুমাত্র এই সংবর্ধনা অনুষ্ঠানই শেষ নয়। এলাকায় এমন বড় আকারে আরও ২০টি সমাবেশ করা হবে। প্রতিটি ইউনিয়নেই একটি করে জনসমাবেশের আয়োজন করা হবে।’ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ রোববার বিকেলে মাদারীপুরের কালকিনিতে কোটি টাকা ব্যয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এমনই ঘোষণা দিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।মন্ত্রী বলেন, ‘এলাকায় সংবর্ধনার আয়োজনে আমি খুশি হয়েছি। তবে এত খরচ করে আয়োজন না করলেও পারত আমার নেতা-কর্মীরা। আমি তাতে বেশি খুশি হতাম।’সংবাদপত্র ও সাংবাদিকদের কটূক্তি করে বক্তব্য দেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলাম খোকন বেপারী ও মিয়াজউদ্দিন খান। তাঁরা বলেন, একটি মহল মন্ত্রীর সুনাম নষ্ট করতে তত্পর। ভিত্তিহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা আবুল হোসেনকে হেয় প্রতিপন্ন করেছে।কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, যদি পারেন, তবে সংবাদ লিখে মন্ত্রীকে সহযোগিতা করেন। বিরোধিতা করলে কালকিনির উন্নয়ন হবে না।উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি খালিদ হোসেন ইয়াদ, কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।