কালকের হরতাল প্রতিহত করার আহ্বান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাইকে নিজ নিজ জায়গা থেকে আগামীকাল রোববারের হরতাল প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমাবেশ শেষে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার এ আহ্বান জানান। সমাবেশে সবাই হাত তুলে মানবতাবিরোধী অপরাধীদের প্রতিহত করার শপথ নেন। এ সময় যে যেখানে আছেন, সেখান থেকেই তাঁকে হাত তুলে শপথ নেওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশস্থলে হাত তুলে সবাই শপথ নিয়ে বলেন-—আমরা শপথ করছি যে, কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। —জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। —যুদ্ধাপরাধীদের সমর্থক সব অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা বয়কট করব। —প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যুদ্ধাপরাধীদের প্রতিহত করব ও তাদের সব গণমাধ্যম বয়কট করব।সমাবেশ শেষে বলা হয়, ‘গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি মহড়া দেখিয়েছে। কিন্তু জামায়াত-শিবির প্রতিহত হবেই।’ গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ‘আপনারা কোনো ভয় পাবেন না। সারা বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে আছেন। এ লড়াই আমাদের সবার। আমাদের বিজয় সুনিশ্চিত।’ ইমরান এইচ সরকার আরও বলেন, ‘গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অনড়। কোনো ধর্মের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই। তাদের লড়াই ধর্ম ব্যবসায়ী জামায়াত-শিবিরের বিরুদ্ধে।’ এর আগে জাতীয় পতাকা হাতে দলে দলে মানুষ জড়ো হন রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। হাজার হাজার মানুষে ভরে ওঠে সমাবেশস্থল। শিশু থেকে শুরু করে নারী, পুরুষ, বৃদ্ধ—সর্বস্তরের মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে রায়েরবাজার স্মৃতিসৌধ। সেখানে মঞ্চে চলে প্রতিবাদী গান আর স্লোগান। সবার হাতে জাতীয় পতাকা, কণ্ঠে প্রতিবাদী গান আর স্লোগান।

আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমাবেশ শুরু হয়। এর পাশাপাশি শাহবাগেও চলছে গণস্বাক্ষর কর্মসূচি।রায়ের বাজারে সমাবেশ শুরু হওয়ার আগে দুপুর থেকেই পতাকা হাতে মিছিল নিয়ে যোগ দিতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট কলেজ, ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাইস্কুল, ঝিগাতলা বিকাশ কেন্দ্র, কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী মিছিল করে সমাবেশে যোগ দেন। সমাবেশে ছাত্রলীগ, ছাত্রইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্রসমিতি, বিপ্লবী ছাত্র সংহতিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।আন্দোলনের সংগঠকদের একজন খান আসাদুজ্জামান জানান, গতকাল যারা দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে, যারা শহীদ মিনারে হামলা চালিয়েছে, জাতীয় পতাকার অবমাননা করেছে, তাঁদের দ্রুত শাস্তি চান তাঁরা। সমাবেশকে কেন্দ্র করে রায়েরবাজার স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আশপাশে ছিল র‌্যাব ও পুলিশ ।শাহবাগে গণস্বাক্ষর, প্রতিবাদরাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম চলছে। আগের দিনের মতো আজ শনিবারও সকালে গণস্বাক্ষর শুরু হয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্বাক্ষর করছেন। এদিকে, শাহবাগে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানাচ্ছেন একদল লোক। তবে তাঁরা মাইক ব্যবহার করছেন না। আন্দোলনকারীরা মূল সড়কের ওপর অবস্থান না নিলেও সকাল থেকে এখানে যান চলাচল বন্ধ রয়েছে।গতকাল সারা দেশে জামায়াত-শিবির আর কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক বিভিন্ন দল তাণ্ডব চালায়। ছিঁড়ে ফেলা হয় পতাকা। হামলা হয় শহীদ মিনারে। দেশের বিভিন্ন গণজাগরণ মঞ্চ, প্রেসক্লাব আর সাংবাদিকদের ওপরও হামলা চালায় তারা। অনলাইন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলসহ ফেসবুক ও ব্লগে এসব খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তরুণেরা। আবার শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। ফেসবুকজুড়ে কেবল শাহবাগে আসার ডাক। দুপুরের পরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনেকেই আসতে থাকেন শাহবাগে। কয়েক ঘণ্টা আগে বিশ্রামে যাওয়া শাহবাগ আবার জেগে ওঠে। তরুণদের কণ্ঠে ধ্বনিত হয় স্লোগান। থেমে যায় শাহবাগের রাস্তায় গাড়ির চাকা। শুরু হয় আবার সমাবেশ। সন্ধ্যায় গণজাগরণ মঞ্চ থেকে আন্দোলনকারীরা শহীদ মিনারে হামলাকারী ও জাতীয় পতাকা অবমাননাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। টানা সেই কর্মসূচি বৃহস্পতিবারের মহাসমাবেশের পর শেষ হয়। এই মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।