কালবৈশাখী ও বজ্রপাতে সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ, খাগড়াছড়ি, রাঙামাটি ও কিশোরগঞ্জে গত মঙ্গলবার রাতে কালবৈশাখীর সময় ঘর চাপা পড়ে ও বজ্রপাতে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। ঝড়ে বিধ্বস্ত হয়েছে তিন সহস্রাধিক ঘর। এ ছাড়া বোরো ধান এবং আম ও লিচু ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে বজ্রপাতে মারা গেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগরের আতাউর (২৭), কালধর গ্রামের মন্টু মিয়ার ছেলে জুয়েল (১৫) ও শাল্লা গ্রামের নরেশ দাস (৫০), খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি গ্রামের দয়াল চন্দ্র চাকমা (৩৫), জামালপুরের মেলান্দহের শহীদুল হক (৩৮)। ঘর চাপা পড়ে মারা যান খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর গ্রামের এসহাক মোল্লা (৫৫) ও রাঙামাটির বরকল উপজেলার বড়হরিণা ইউনিয়নের তাগলকছড়া গ্রামের দেবজয় চাকমার ছেলে সুমন চাকমা (২২)। তাঁদের মধ্যে কিশোরগঞ্জের নিকলীর দামপাড়া ইউনিয়নের পাগলার খাল হাওরে বাথান ঘরে থাকা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় কৃষিশ্রমিক শহীদুলের। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: দিরাই (সুনামগঞ্জ): দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধরী জানান, মঙ্গলবার রাতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। গতকাল বুধবার তাদের লাশ দাফন করা হয়েছে।দীঘিনালা (খাগড়াছড়ি): কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের ৫০টি গ্রাম লন্ডভন্ড হয়েছে। গ্রামগুলোর তিন হাজার বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তুষার বসুর ‘বসু ফ্রুটস ভ্যালি’র প্রায় ৫০ লাখ টাকার আম্রপালি আম ও চায়না থ্রি লিচু জাতের প্রায় সব ফল কাঁচা অবস্থায় ঝরে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে বাগানের ব্যবস্থাপক আলী আহাম্মদ জানিয়েছেন। এ ছাড়া অনেকের আম, কাঁঠাল ও লিচুগাছের ফল কাঁচা অবস্থায় ঝরে গেছে।ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, মেরুং, বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নের বসতবাড়ি হারানো মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। সরকারিভাবে কালবৈশাখীর ছোবলে ক্ষতিগ্রস্ত মানুষকে এখনো কোনো ত্রাণসামগ্রী দেওয়া হয়নি। তবে চূড়ান্ত তালিকা পাওয়ার পর সাহায্য দেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, ‘গ্রামের আদিবাসীদের ক্ষতি দেখে আমার নিজেরই চোখের পানি চলে এসেছে।’বাজেইছড়া গ্রামের ব্রজেন্দ্র ত্রিপুরা জানান, ঝড়ে এমন ক্ষতি হয়েছে যে গ্রামের একজনের পাশে আরেকজন যে এসে সাহায্য করবে, সে পরিস্থিতি পর্যন্ত নেই।রাঙামাটি: মঙ্গলবার রাত আড়াইটা থেকে আধঘণ্টা ধরে বরকলের বড়হরিণার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উদ্দিন আহমেদ বলেন, কালবৈশাখী বয়ে যাওয়ায় একজন নিহত ও একজন আহত হওয়ার এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ছাড়া ধানি জমিসহ বিভিন্ন ফলের বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় এখনো বিস্তারিত জানা যায়নি। বাঘাইছড়ি (রাঙামাটি): কালবৈশাখীতে উপজেলার বাঘাইছড়ি, মারিশ্যা, সার্বোয়াতলী, আমতলী ও খেদারমারা ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন শতাধিক বাড়ির বেশ ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় ২০-২৫টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জিতেন্দ্র লাল নাথ জানান, ঝড়ে অন্তত এক হাজার ২০০ একর ধানখেত নষ্ট হয়েছে। এ ছাড়া আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফলের শত শত একর বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।কিশোরগঞ্জ: ঝড়ে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোয়ারচর, কলাপাড়া, জালালপুর ও ভাটুয়ারপাড়া গ্রামের ২০টির মতো বাড়ি ধসে গেছে। রাত ১০টা থেকে শুরু হওয়া এই ঝড় ঘণ্টাব্যাপী চলে। এ ছাড়া পানের বরজ, ভুট্টা, বোরো ধানসহ অন্য ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং শতাধিক গাছপালা ভেঙে পড়ে। গাছ পড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় এসব এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল আলম জানান, জামালপুরের মেলান্দহ থেকে কৃষিশ্রমিক হিসেবে হাওর এলাকায় কাজ করতে এসে বজ্রপাতে শহীদুলের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয় আরও ছয়জন।