কালবৈশাখীতে পটুয়াখালীতে নিহত ১, আমতলীতে ঘরবাড়ি বিধ্বস্ত
পটুয়াখালীতে আজ বৃহস্পতিবার ভোরে কালবৈশাখীতে ঘর চাপা পড়ে আলেয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আর বরগুনার আমতলীতে বিধ্বস্ত হয়েছে অন্তত ৭০টি ঘর। আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, আজ ভোরে দশমিনা উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে। এ সময় বগুড়া গ্রামে ঘর চাপা পড়ে আলেয়া বেগম মারা যান। এ ছাড়া দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে উপজেলা প্রশাসন সকালে জরুরি সভা ডেকেছে। বহরমপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহফুজ জানান, এ পর্যন্ত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের তালিকা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমল হোসেন কালবৈশাখীতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ করতে জরুরি সভা ডাকা হয়েছে। বাউফল উপজেলার বগি এলাকায় কালবৈশাখীতে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আমাদের বরগুনা প্রতিনিধি জানান, আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখীতে ৭০টি কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে ৫০টির মতো পানের বরজ ও অন্তত ৪০০ গাছ উপড়ে গেছে বলে আমতলী উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে।স্থানীয় পৌর কাউন্সিলর মেনাজ উদ্দিন জানিয়েছেন, ভোর চারটার দিকে আধা ঘণ্টা স্থায়ী এই ঝড়ে আমতলী পৌর শহরের লোচা ও বাসুকী গ্রামে দোকানঘরসহ প্রায় ৪০টি ঘর বিধ্বস্ত হয়। এ ছাড়া আমতলী একে স্কুলবাজার, ছুরিকাটা, চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা, হলদিয়ায় আরও ২০-২২টি কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।