কালবৈশাখীতে বিলবোর্ড ভেঙে পথচারীর মৃত্যু
কালবৈশাখীতে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীতে বিলবোর্ড ভেঙে এক তরুণ নিহত ও তিনজন আহত হন। নিহত সাইফুল ইসলাম (১৫) গুলশান ১ নম্বরে একটি ফাস্টফুড দোকানের কর্মচারী। ওই সময় সে দোকান বন্ধ করে বাসায় ফিরছিল।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় রাজধানীতে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। সন্ধ্যা সাতটায় গুলশান ১ নম্বর গোলচত্বর মোড়ে একটি বড় আকৃতির একটি বিলবোর্ড ভেঙে পড়ে। এ সময় পথচারী সাইফুল, রুবেল (২৩) ও জসিম (২৩) বিলবোর্ডের আঘাতে গুরুতর আহত হন। সাইফুলকে রাত সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের গুলশানের একটি বেসরকারি ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়।এ ছাড়া ভেঙে পড়া বিলবোর্ডটির আঘাতে প্রাইভেটকারসহ চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত এবং গুলশান ১ নম্বর গোলচত্বরের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেটকারে আটকে পড়া চালককে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে পুলিশ রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেয়। রাত নয়টার পর যান চলাচল স্বাভাবিক হয়।