কালবৈশাখীর ছোবলে দুই সহোদর শিশুসহ নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে ৮ জন নিহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন। ঝড়ে প্রায় সাড়ে তিন হাজার কাঁচা ঘর বিধ্বস্ত এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: জেলার বিভিন্ন উপজেলায় রাত সোয়া ১২টার দিকে ঝড় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলে। ঝড়ে দাকোপ উপজেলায় ১১২টি এবং বটিয়াঘাটা ও ডুমুরিয়ার দুটি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। দাকোপ এমএম সিটি কলেজের তিনতলা ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ সময় পশুর নদে ট্রলারে করে মাছ ধরার সময় বজ্রপাতে সাতক্ষীরার তালা গ্রামের হান্নান গাজী (৫০) মারা যান। ওই ট্রলারের আরও তিনজন নিখোঁজ রয়েছে। উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি গ্রামে দেয়াল চাপায় দেলোয়ার গাজী (৮০) মারা যান। এছাড়া ঝড়ে জেলায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ঝড়ে তরমুজ, বোরো ধান, সূর্যমুখী ও শাকসবজি মিলিয়ে প্রায় এক কোটি ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ১৫ হাজার। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ দিয়েছি।’ বাগেরহাট: সুন্দরবনসংলগ্ন মংলা ও রামপালে ঝড়ে অন্তত এক হাজার ২৫০টি কাঁচা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ে মংলার জয়মণির ঘোল এলাকায় দুটি ট্রলার নিখোঁজ হয়েছে। ঝড়ে মাটির দেয়াল চাপা পড়ে দুই সহোদর শিশুসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।দেয়ালধসে নিহত ব্যক্তিরা হলো রামপালের রাজনগর ইউনিয়নের বড় দুর্গাপুর গ্রামের জাহিদ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৮) ও সোহান হাওলাদার (৪) এবং মংলা উপজেলার মইদাড়া গ্রামের প্রভাস মণ্ডল (৬০)।মংলা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্ম জানান, প্রাথমিক হিসাবে ঝড়ে উপজেলায় মোট ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বুড়িরডাঙ্গা, চাঁদপাই ও সুন্দরবন ইউনিয়নে। ঝড়ে এক হাজার ২০০ কাঁচা ঘর সম্পূর্ণ এবং দুই হাজার ৭০০ কাঁচা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।রামপাল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্ম জানান, রাজনগর ইউনিয়নের চার গ্রামে ৫০টি কাঁচা ঘর সম্পূর্ণ এবং ৬০টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।পাথরঘাটা (বরগুনা): রাত ১২টার দিকে ঝড় শুরু হয়ে তিনটা পর্যন্ত চলে। এ সময় উপজেলার কালমেঘা, রায়হানপুর ও কাকচিড়াসহ সাতটি ইউনিয়নে সাড়ে ছয় শতাধিক ঘরবাড়ি ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার কয়েক হাজার গাছপালা উপড়ে ও ভেঙে পড়েছে। কালবৈশাখীর পর বুধবার রাত তিনটা থেকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পূর্ব কালমেঘা গ্রামে একটি কাঠের বাড়ি বিধ্বস্ত হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন ওই বাড়ির পারভীন বেগম (৩০), ফেরদৌসি বেগম (৩০) ও ফয়সাল (৫)। এ ঘটনায় ওই বাড়ির ছয়জন আহত হন। এ ছাড়া কাকচিড়া বাজারের কাছে বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে গেছে। ফরিদপুর: বুধবার সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের এমকে ডাঙ্গী গ্রামের নয়টি বাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে এমকে ডাঙ্গি এলাকার আমেনা বেগম (৪৫) ও হাসনা আক্তার (১৪) আহত হন। তাঁদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ওপর দিয়ে বুধবার দিবাগত রাতে কালবৈশাখীতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় চার শ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ২০ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত আটটার দিকে প্রচন্ডবেগে কালবৈশাখী শুরু হয়। প্রায় আধঘণ্টা স্থায়ী ঝড়ে কোম্পানীগঞ্জের চরএলাহী, চরফকিরা, রামপুর ও মুছাপুর ইউনিয়ন এবং কবিরহাটের ধান শালিক ও চাপরাশিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িঘর, পল্লীবিদ্যুতের লাইন ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়। ধান শালিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব নবী বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নের শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয় এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। এ সময় অন্তত ১০ জন আহত হন। চরএলাহী ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ইউনিয়নের দক্ষিণ চরএলাহী আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও প্রায় তিন শ কাঁচাঘর বিধ্বস্ত হয়। ঝড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে নুর ইসলাম (৩৫), আয়েশা খাতুন (৪০) ও আরও একজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।