কালভার্ট খাল-জলাশয়ের জন্য হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী এবং এর সংলগ্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য কালভার্ট তৈরি করেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধানত খালের ওপর তৈরি করা অপরিকল্পিত এসব কালভার্ট মানুষের কাজে আসছে না। রাজধানীর আশপাশের এলাকায় অর্থ অপচয়ের এই চিত্র ফুটে উঠেছে প্রথম আলোর অনুসন্ধানেখাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর প্রতিবছর সারা দেশে কালভার্ট তৈরি করছে। অধিদপ্তরের ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কার’ প্রকল্পের আওতায় রাজধানীতে ৩৩টি কালভার্ট তৈরি করা হয়েছে গত তিনটি অর্থবছরে। এসব কালভার্ট মানুষের কোনো কাজে লাগছে না। উল্টো কালভার্টের কারণে জলাশয় ও খাল হুমকির মুখে পড়েছে। অধিদপ্তর সূত্র জানাচ্ছে, গত তিন বছরে এ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশের ৪৬৬টি উপজেলায় এক হাজার ৩৯৮টি কালভার্ট তৈরি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২৭০ কোটি টাকা। সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, ত্রাণের এই অর্থ অপচয় হচ্ছে। তিন বছর মেয়াদি প্রকল্পটি ২০১১ সালে শেষ হবে। এরপর আবার নতুন প্রকল্পে নতুন কালভার্ট তৈরি হবে।ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক জহুরুল হক প্রথম আলোকে বলেন, ত্রাণের টাকায় এই কালভার্ট তৈরি করা হয়। এ প্রকল্পের উদ্দেশ্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রামের ছোট বা সরু খাল দিয়ে চাষাবাদের পানি জমিতে প্রবাহিত হয়। অনেক সময় এসব খালে দীর্ঘ সেতু তৈরি করার প্রয়োজন হয় না। খালের প্রবাহ ঠিক রেখে জমিতে পানি চলাচল অব্যাহত রাখা এবং মানুষের চলাচলের জন্য এই কালভার্ট তৈরি করা হয়।খালে পানির প্রবাহ অব্যাহত রাখার কথা বলা হলেও বাস্তবে বিপরীত ঘটনা ঘটছে। দেখা গেছে, রাজধানীর বিভিন্ন খালের ওপর তৈরি কালভার্টগুলোর দৈর্ঘ্য সর্বোচ্চ ১২ মিটার। ১২ মিটার দৈর্ঘ্যের একটি কালভার্ট ৫০ থেকে ৬০ মিটার প্রশস্ত খালের মধ্যে তৈরি করার ফলে নগরের খালের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। একপর্যায়ে খাল দখল হয়ে যাচ্ছে।এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ‘ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ত্রাণের টাকা দিয়ে রাজধানীর জলাশয় ধ্বংসের প্রকল্প বাস্তবায়ন করছে। ত্রাণের টাকা দিয়ে ত্রাণের কাজই করা উচিত।’ তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের কাজে সমন্বয়েরও অভাব স্পষ্ট হয়ে উঠেছে। আইলা-দুর্গত এলাকায় মানুষ ঠিকমতো ত্রাণ না পেয়ে প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করছে। আর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ত্রাণের টাকায় কালভার্ট তৈরি করছে, যা মানুষের কাজে আসছে না। রাজধানীর বেশির ভাগ খাল দেখভালের দায়িত্ব জেলা প্রশাসনের। ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, ১২ মিটারের কালভার্ট ৬০ মিটার প্রশস্ত খালের মধ্যে তৈরি করা হলে ওই খালটি ধ্বংস হবে, এটাই বাস্তবতা। তবে আগে বিষয়টি এভাবে ভাবা হয়নি। তিনি বলেন, নগরের খাল রক্ষা করতে হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।গত তিন অর্থবছরে রাজধানীর খাল ও জলাশয়ের মধ্যে তিন কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৩৩টি কালভার্ট তৈরি হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, রাজধানীতে ও রাজধানীসংলগ্ন এলাকায় ২০০৭-০৮ অর্থবছরে ১৩টি, পরের অর্থবছরে ১০টি এবং সর্বশেষ অর্থবছরে ১০টি কালভার্ট তৈরি করা হয়েছে। তবে কালভার্ট-প্রতি বরাদ্দের ক্ষেত্রে কিছু তারতম্য ছিল। তিন অর্থবছরে কালভার্ট-প্রতি বরাদ্দ ছিল যথাক্রমে ১০ লাখ টাকা, ১৫ লাখ টাকা ও ২০ লাখ টাকা।রাজধানীতে এ প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকার তেজগাঁও সার্কেল কার্যালয়ের উন্নয়ন বিভাগ, মূল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম। কালভার্টের নকশা করেছেন ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী দাউদ আলী মোল্লা ও রওশন আলী। নগরের দক্ষিণখানের মধুবাগ গণকবরস্থান-সংলগ্ন খাল ও জলাশয়ে তিন বছর আগে তৈরি করা কালভার্টটি পরিত্যক্ত অবস্থায় আছে। গত অর্থবছরে ২০০ গজের মধ্যে আরও একটি কালভার্ট তৈরি করা হয়েছে, যা মানুষের কোনো কাজে আসছে না। দুটো কালভার্ট ব্যবহারোপযোগী করতে হলে খাল ও জলাশয় ভরাট করতে হবে।সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়নের মানিকদিয়ার দেবধোলাই খালটি কালভার্টের কারণে হুমকির মুখে পড়েছে। কারণ, কালভার্টের দুই পাশে মাটি দিয়ে ভরাট করা হবে বলে স্থানীয় চেয়ারম্যান প্রথম আলোকে জানিয়েছেন। এ ছাড়া বাড্ডার বেরাইদ বাজারের পেছনের খালে তৈরি করা কালভার্টের দুই দিকে ভরাট করা হচ্ছে। একই অবস্থা পুরান ঢাকার কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ও নবাবগঞ্জের মাঝ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গার বিলুপ্তপ্রায় শাখানদীটির। শাখানদীতে আছে পরপর দুটি কালভার্ট।