কালভার্ট সড়কে যত ঝঞ্ঝাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানের সামনে আবর্জনার স্তূপ। বাতাস ভারী হয়ে আছে দুর্গন্ধে। তাই দোকানে ক্রেতারা আসছেন না। এ জন্য বিক্রেতা মন খারাপ করে বসে আছেন। এমন দৃশ্য দেখা গেল আরামবাগ-ফকিরেরপুলের বীর প্রতীক গাজী দস্তগীর সড়কে (বক্স কালভার্ট সড়কে)।কোথাও আবর্জনা, কোথাও নির্মাণসামগ্রী, আবার কোথাও এলোপাতাড়ি যানবাহন—এসবই চোখে পড়ে বক্স কালভার্ট সড়কটিতে। তাই যান চলাচল তো বাধা পাচ্ছেই, পথচারীদেরও নাকাল হতে হয় এই সড়কে। অথচ বিকল্প সড়ক বের করতেই খাল ভরাট করে এটি তৈরি করা হয়েছিল। এখন এটি আগের মতো পানি নিষ্কাশন করতে পারছে না। আবার যান চলাচলেও কাজে লাগছে না।দোকানিদের দাবি, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ম্যানহোল থেকে আবর্জনা উঠিয়ে দোকানের সামনে রেখেছে। কথা ছিল দু-এক দিনের মধ্যে এই আবর্জনা এখান থেকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু মাস দু-এক ধরে পড়ে আছে আবর্জনা। এই সড়কের দোকানি শাহাদাত হোসাইন বলেন, ম্যানহোলের জট কমাতে আবর্জনা বের করে রাস্তার ওপর রাখা হয়েছে। এখানে আবর্জনার স্তূপ দেখে অন্যরাও এর ওপর আবর্জনা ফেলছে। স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, সড়কের ওপর এমন আবর্জনা থাকায় কেবল ক্রেতা-বিক্রেতার সমস্যা হচ্ছে তা নয়, এর জন্য রিকশা-গাড়ি চলাচলেও সমস্যা হচ্ছে, সৃষ্টি হচ্ছে যানজটের।ঘুরে দেখা গেছে, আবর্জনা ছাড়াও এই সড়কের দুই পাশের ফুটপাত দখল করে চলছে নানা রকম ব্যবসা। এসব ফুটপাত দখল করে ইট ভেঙে খোয়া বিক্রির ব্যবসা চলছে। ইটের খোয়া বিক্রেতা বিউটি বেগম বলেন, ‘ঠেলাগাড়িয়ালারা ইট দিয়া যায়। আমরা সেই ইট ভাইঙ্গা খোয়া বিক্রি করি। মানুষ আইসা গাড়িতে কইরা খোয়া কিইনা নিয়া যায়।’ বক্স কালভার্ট সড়কের কিছু জায়গা দখল করে আছেন ভাঙারিসামগ্রীর ব্যবসায়ীরা। ভাঙারি ব্যবসায়ী আবুল কাশেম বলেন, ‘আমরা গরিব মানুষ, পুরোনো কাগজপত্র, ভাঙারি বিক্রি করে সংসার চালাই।’সড়কের দুপাশে নির্মাণাধীন ভবনের ইট, বালু, রড রাখার জন্যও অনেক জায়গা দখল হয়েছে। আরামবাগের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই সড়কটি বেহালে আছে। দ্রুত সড়কটি দখলমুক্ত করা দরকার। এরপর সড়কটি পরিষ্কার ও সংস্কার করা হলে, এলাকার অন্যান্য সড়কের যানজট অনেক কমবে।কালভার্ট সড়কের ফুটপাতগুলোও ঝঞ্ঝাটমুক্ত নয়। অনেক জায়গায় ফুটপাতের পুরোটা দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। কোথাও রয়েছে আবর্জনা। একাধিক পথচারী জানান, এই সড়কে হাঁটতে গেলে দুর্ভোগের সীমা নেই। কোথাও ফুটপাতে সমস্যা, কোথাও সড়কের ওপর সমস্যা। দেখে মনে হয়, সড়কটা যাত্রী আর পথচারীর জন্য নয়, ব্যবসায়ীদের জন্য করা হয়েছে।কালভার্ট সড়ক নিষ্কণ্টক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন, জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল আহম্মেদ আকন্দ জানান, সড়কটি থেকে আবর্জনা সরাতে ডিসিসির পরিচ্ছন্ন বিভাগে বিভিন্ন সময় তিনি বলেছেন। এ ছাড়া ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন। কিন্তু সড়কটি থেকে উটকো ঝামেলা দূর করতে কেউ এগিয়ে আসছে না। আরামবাগ-ফকিরেরপুলের বীর প্রতীক গাজী দস্তগীর সড়কের (বক্স কালভার্ট সড়ক) সমস্যাসংক্রান্ত অভিযোগ নম্বর: ৭২১৪৬৮২ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৪, ডিসিসি)