কালরাতের আলোর মিছিলে যুদ্ধাপরাধীর বিচার দাবি
২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়ে কালরাতের স্মরণে আলোর মিছিল করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আলোর মিছিল গতকাল শুক্রবার রাতে বরাবরের মতোই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জগন্নাথ হলের গণকবরে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শেষ হয়। একাত্তরে বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর ক্ষণটির স্মরণে এ রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও সেক্টর কমান্ডারস ফোরামও নানা অনুষ্ঠানের আয়োজন করে। নির্মূল কমিটির আয়োজনে স্বাধীনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে ৪০ জন বিশিষ্ট ব্যক্তি প্রথমে মশাল প্রজ্বালন করেন। এঁদের মধ্যে ছিলেন সেক্টর কমান্ডারসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিক ও শহীদ পরিবারের সদস্যরা। ৪০ মশালের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হাজারো মোমবাতিতে। শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে ১৯৯৪ সালে এই আলোর মিছিল শুরু হয়েছিল। কালরাতের স্মরণে গতকাল রাতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তনে’ ছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও সেক্টর কমান্ডারস ফোরামের কর্মসূচি।নির্মূল কমিটির আলোর মিছিলের আগে ছিল বক্তৃতা পর্ব। এতে সব বক্তাই আগামী ২৫ মার্চের আগেই যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানান। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, কালরাতে যাদের হত্যা করা হয়েছিল, পাকিস্তানি বাহিনী তাদের কাউকে চিনত না। রাজাকার, আলবদর ও আলশামস পাকিস্তানি বাহিনীকে পথ দেখিয়ে হত্যায় অংশ নিয়েছিল। এদের বিচার করতেই হবে। সভাপতির বক্তব্যে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ২০০৮ সালে ভোট বিপ্লব হওয়ার পর যুদ্ধাপরাধীদের বিচার হতে এত দেরি হচ্ছে কেন—এটা এখন বড় প্রশ্ন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অসাম্প্রদায়িকতা, স্বাধীনতা, মুক্তি—এগুলোই বাঙালি জাতির মূল্যবোধ। এই মূল্যবোধের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। এগুলো টিকিয়ে রাখার জন্য ভবিষ্যতেও যুদ্ধ চালিয়ে যেতে হবে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এ বছরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুর রাজ্জাক, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোর্শেদ আলী, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, শহীদ পরিবারের সদস্য প্রতীতি দেবী, শ্যামলী নাসরীন চৌধুরী, শাহীন রেজা নূর, অধ্যাপক অজয় রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার কবির।সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের বেদিতে পাশাপাশি দুটি মঞ্চে গতকাল রাতে কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও সেক্টর কমান্ডারস ফোরাম। মন্ত্রণালয়ের অনুষ্ঠানের মধ্যে ছিল ‘বাংলাদেশের হূদয় হতে’ শিরোনামের লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী। বড় পর্দায় দেখানো হয় ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত আন্দোলন-সংগ্রামের ঘটনাপ্রবাহ। এই প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। অনুষ্ঠানে ২৫ মার্চ কালরাত স্মরণে প্রদর্শনীর পর ‘স্বাধীনতাস্তম্ভ’ প্লাজায় প্রদীপ জ্বালিয়ে মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গৌরবের প্রান্তর ও ক্রিয়েশনস আনলিমিটেড যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। এ ছাড়া ২৫ মার্চের কালরাত সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্য গতকাল সেক্টর কমান্ডারস ফোরাম দেশব্যাপী কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয় শিখা চিরন্তনে। ফোরামের ডাকে গতকাল রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা পর্যন্ত অনেক বাড়ি ও অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলো নিভিয়ে নীরবতা পালন করা হয়। এ ছাড়া মধ্যরাতের ঠিক পরপর স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নতুন প্রজন্মের হাতে জ্বলন্ত মোমবাতি তুলে দিয়ে ‘আলোতে ফেরার’ কর্মসূচি পালন করা হয়।