কালরাত্রি ও গণহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যটি এখনো চোখে স্পষ্ট। ২৬ মার্চ ১৯৭১। সকাল ছয়টা-সাড়ে ছয়টা। খিলগাঁও আনসার হেডকোয়ার্টার্সের ঠিক সামনেই ভাড়া বাসার দোতলায় ঝুলবারান্দায় বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ হাহাকার কানে এল, শেষ, সব শেষ। দেখলাম, শুধু অন্তর্বাস পরা এক লোক বুক চাপড়াতে চাপড়াতে ছুটছেন। তাঁর গায়ে এখানে-সেখানে ছোপ ছোপ রক্ত। পাড়ার কিছু লোক তাঁকে থামিয়ে জানতে চাইলেন, কী? কী খবর?বারান্দায় দাঁড়িয়েই শুনলাম, শেষ, সব শেষ! রাজারবাগ পুলিশ লাইনে একটা লোকও বেঁচে নেই।লোকটি নিজেও পুলিশ। রাত ১১টা-সাড়ে ১১টার দিকে আক্রান্ত হয় রাজারবাগ পুলিশ লাইন। আমাদের বাসার ঠিক দক্ষিণে পুলিশ লাইনের দূরত্ব বেশি নয়। সারা রাত জেগে আগুনের আগ্রাসন দেখেছি, প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শুনেছি। কিন্তু তখন বুঝতেই পারিনি আহত হচ্ছেন, নিহত হচ্ছেন বাঙালি পুলিশ ভাইয়েরা। ভাবনায়ই আসেনি ভয়াবহ ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাকিস্তানি সেনারা হিংস্র পশুর চেয়েও হিংস্র হয়ে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।পলায়নপর পুলিশটি অজস্র মর্মান্তিক মৃত্যু দেখে উদ্ভ্রান্ত হয়ে গেছেন, ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। কে যেন তাঁকে একটা লুঙ্গি দিল, জামাও দিল আরেকজন। সেগুলো পরে তিনি আগের মতোই হায় হায় করতে করতে ছুটতে লাগলেন পূর্বদিকে।২৬ মার্চ সারা দিন-রাত কারফিউ থাকায় বোঝাই যায়নি শুধু ঢাকা নয়, সারা দেশে কী নারকীয় তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি সেনারা! ২৭ মার্চ ঘণ্টা কয়েকের জন্য কারফিউ শিথিল করলে বেরিয়েছিলাম রাজারবাগ পুলিশ লাইন দেখতে। দেখলাম, সম্পূর্ণ পুলিশ লাইনটি ছাইয়ের স্তূপ। দিনের বেলায়ও গা ছমছম-ভীতি নিয়ে মালিবাগ, মোমেনবাগ, শান্তিবাগ ঘুরে ঘরে ফিরেই মনে হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী কতখানি ভয়ংকর ও নিষ্ঠুর হলে এমন বীভৎস ধ্বংসযজ্ঞ চালাতে পারে!চালাতে যে পারে তা প্রকাশ পেতে থাকে, তার প্রমাণ মিলতে থাকে সপ্তাহ খানেকের মধ্যেই; বিদেশি সংবাদদাতাদের পাঠানো সংবাদে, রেডিওর বদৌলতে। তখন আমাদের অবলম্বন প্রধানত আকাশবাণী, বিবিসি, ভয়েস অব আমেরিকা ইত্যাদি রেডিও; বিদেশি টিভি তখন আমাদের দেশে আসেনি। ওই সব রেডিওর সংবাদেই জেনেছি, পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণে ও আঘাতে তছনছ করে ফেলেছে জগন্নাথ হল, ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল), পিলখানা ইপিআর (বিডিআর) ঘাঁটি, কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট, দৈনিক সংবাদ, ডেইলি পিপল পত্রিকা, প্রায় কিছুই বাকি রাখেনি। কত শত, কত হাজার কিংবা লাখো বাঙালি সেদিন শহীদ হয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন। কত ঘরবাড়ি পুড়ে সাফ হয়েছিল, তার সঠিক হিসাব আজ পর্যন্তও পাওয়া যায়নি, যাবেও না।এক ২৬ মার্চেই পাকিস্তানি সামরিক জান্তা বুঝিয়ে দিতে চেয়েছিল ‘স্বাধীনতা’ চাওয়ার শাস্তি কতখানি ভয়ংকর। ইতিহাস বলে, ২৫ মার্চ রাতে গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু হওয়ার আগে থেকেই পাকিস্তানি কোনো কোনো জেনারেল, ব্রিগেডিয়ার ও কর্নেল সমগ্র পূর্ব পাকিস্তান সফর করে মিলিটারিদের তৈরি থাকতে বলেছিলেন। অথচ পরিতাপের বিষয়, ২৬ মার্চ সন্ধ্যার পর রেডিও পাকিস্তান থেকে প্রেসিডেন্ট ইয়াহিয়া যে ভাষণ দেন, তাতে সব দোষ চাপানো হয় শেখ মুজিবুর রহমানের ওপর। ইয়াহিয়ার উচ্চারিত একটি বাক্য স্পষ্ট কানে বাজে, ‘দিস টাইম হি (মুজিব) শ্যাল নট গো আনপানিশ্ড্।’প্রকৃতপক্ষে ২৫ মার্চ রাতে ও ২৬ মার্চ সারা দিন-রাত পাকিস্তানি সেনারা পৈশাচিক উল্লাসে হত্যাযজ্ঞ চালিয়ে বাঙালিদের মনে ভয় ঢুকিয়ে ভেবেছিল, এবার তাদের তাঁবে রাখা যাবে। জেনারেল টিক্কা খানরা বাংলাদেশে মানুষ নয়, চেয়েছে মাটি। আর সেই মাটি পেতে প্রথমেই যে বড় ও ভয়াবহ আকারের গণহত্যা চালায়, তার একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের হত্যাকাণ্ড। এই একটি হত্যাকাণ্ড থেকেই বোঝা যাবে তাদের হিংস্রতা ও ইসলামের নামে মিথ্যাচার।‘সাহিত্য প্রকাশ’ থেকে প্রকাশিত ১৯৭১: ভয়াবহ অভিজ্ঞতা-এর সম্পাদকের ‘নিবেদন’ থেকে উদ্ধৃত করছি:‘কতটা ভয়াবহ ছিল স্বাধীনতাযুদ্ধের নয় মাস? ‘মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত একটি ঘটনা উপযুক্ত প্রশ্নের জবাব দিতে আশা করি সাহায্য করবে।‘২৬ মার্চ, ১৯৭১, ড. নূরুল উলা জগন্নাথ হলের যে সচল চিত্র ধারণ করেছিলেন, তা ১৯৭২ সালের গোড়ার দিকে মার্কিন টিভিতে দেখানোর আগে ঘোষণা দেওয়া হয়: কোনো শিশু বা দুর্বল মনের মানুষ যেন এটি না দেখেন।‘পরদিন সংবাদপত্রের খবর অনুসারে জানা যায়, ওই প্রকাশ্য নির্মম গণহত্যার দৃশ্য দেখে বহু সুস্থ মানুষ অজ্ঞান হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল। ‘যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ছায়াছবিতে বিভিন্ন ধরনের হত্যা, নির্যাতন, ধর্ষণ একটা অতি সাধারণ ব্যাপার, সেখানে এই প্রতিক্রিয়া কেন?—প্রশ্ন করলে উত্তরও সহজলভ্য। প্রদর্শিত ছায়াছবিতে হত্যা করা বা নিহত হওয়ার অভিনয় করা হয়, কিন্তু বাস্তবতায় তা ভিন্ন। ‘এই বাস্তবতাই বিচলিত করেছে বিশ্বের সুস্থ মানবসমাজকে।’যাঁরা ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক নূরুল উলার তোলা টেলিভিশনে সেই ভিডিওচিত্রটি দেখেছেন, তাঁদের মনেও অনুরূপ প্রতিক্রিয়া হয়েছিল। কিন্তু আমেরিকায় নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আগা হিলালি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কী বললেন?সাংবাদিকেরা জানতে চাইলেন, ‘জগন্নাথ হলের ওই গণহত্যা দেখার পরও কি বলবেন, পাকিস্তান গণহত্যা করেনি?’হিলালি জবাব দিলেন, ‘যেসব সৈন্য হত্যাকাণ্ড চালিয়েছে তারা সবাই ভারতীয় সৈন্য।’ ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের রাষ্ট্রদূতের এই জবাবের পর মার্কিন সাংবাদিকেরা পাল্টা আর কোনো প্রশ্ন করেছিলেন কি না, জানা নেই। তবে আমাদের প্রশ্ন: ১৯৭১ সালের ২৬ মার্চ খোদ ঢাকা শহরের মাঝখানে ভারতীয় সেনা? এল কীভাবে?কী ছিল সেই ভিডিওচিত্রে? ড. নূরুল উলা জানালা সামান্য ফাঁক করে দেখতে পাচ্ছেন, পাকিস্তানি সেনারা হল থেকে একদল ছাত্র বের করে আনছে, তাঁদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে মারছে। আর একটা গর্তে সেই সব মৃতদেহ ছুড়ে ছুড়ে ফেলছে কিছু লোক বা ছাত্র। পৈশাচিকতার সমস্ত সীমা ছাড়িয়ে পাকিস্তানি সেনারা সেই সব লোক বা ছাত্রদেরই আবার গুলি করে মারছে।জগন্নাথ হলের আবাসিক ছাত্র কালীরঞ্জন শীল এ রকমভাবে গর্তে লাশ ফেলতে বাধ্য হয়ে কাজ করছেন। কালীরঞ্জনের ভাষ্যে চোখ ফেটে জল আসে, যখন পড়ি তিনি ফেলছেন তারই সহপাঠীর লাশ, সতীর্থের মৃতদেহ, বিশ্বস্ত বন্ধুর গুলিতে ক্ষতবিক্ষত শরীর। এই কাজ করতে করতে কালীরঞ্জন কখন যে অজ্ঞান হয়ে পড়ে যান, নিজেও জানেন না, পাকিস্তানি সেনারা অজ্ঞান কালীরঞ্জনকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।পাকিস্তানি সেনারা একটা বুলডোজার ব্যবহার করেছিল গর্ত খোঁড়ার কাজে।নূরুল উলার ভিডিওচিত্রে দেখা যায়, দাড়িঅলা এক বৃদ্ধ পাকিস্তানি সেনাদের সামনে হাঁটু মুড়ে বসে হাতজোড় করে প্রাণভিক্ষা চাইছেন। কিন্তু প্রাণভিক্ষা মেলেনি।আজ এ কথা নিশ্চিতভাবেই বলা যায়, জগন্নাথ হলের ওই লাশের স্তূপের মধ্যে ড. গোবিন্দচন্দ্র দেবের লাশও ছিল। টিএসসির ঠিক পেছনে ছিল ড. দেবের বাসস্থান। তাঁকে পাকিস্তানি সেনারা বাসা থেকে টেনে-হিঁচড়ে জগন্নাথ হলের মাঠে নিয়ে আসে, গুলি করে মারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অত্যন্ত মেধাবী তরুণ শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের লাশও নিশ্চয় আছে জগন্নাথ হলের মাঠে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো হলকে পাকিস্তানিরা সবচেয়ে বড় শত্রুঘাঁটি বিবেচনা করেছিল। একটি জগন্নাথ হল, আরেকটি ইকবাল হল। ২৭ মার্চে কিছুক্ষণের জন্য কারফিউ শিথিল হলে যাঁরা ইকবাল হল দেখতে গিয়েছিলেন, তাঁদেরই একজন কথাশিল্পী সেলিনা হোসেন। সেলিনা হোসেন হলের বারান্দায়, ছাদে, দক্ষিণ পাশের মাঠে অজস্র লাশ পড়ে থাকতে দেখেছেন।নিষ্ঠুরতার সমস্ত সীমা ছাড়িয়ে যায় মিরপুর-মোহাম্মদপুরের অবাঙালিরা। মিরপুরের দুটো উদাহরণ তার প্রমাণ দেবে। কবি মেহেরুন্নেসা বাস করতেন মিরপুর ৬ নম্বর সেকশনে। অবাঙালিরা তাঁকে জবাই করে তাঁর মুণ্ডুটা তাঁরই মাথার বড় চুল দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে বেঁধে রেখেছিল। আর ১০ নম্বর গোলচত্বর থেকে সাংবাদিক আবু তালেবকে অবাঙালিরা টানতে টানতে নিয়ে যায় জল্লাদখানায়। সেখানে একটি কুয়ার ওপর মাথা রেখে গরু-খাসির মতো জবাই করে, মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় কুয়ার ভেতরে। বলতে গেলে, ১৯৭১ সালে মিরপুরে বসবাসরত সৌভাগ্যক্রমে দু-একজন ছাড়া কোনো বাঙালি বাঁচেনি।২৬ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শহীদ হন, পদার্থবিজ্ঞানের প্রভাষক আতাউর রহমান খান খাদিম, সংখ্যাতত্ত্ব বিভাগের অধ্যাপক এ এন এম মুনিরুজ্জামান, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক ফজলুর রহমান খান, ভূতত্ত্ব বিভাগের লেকচারার মুহম্মদ আবদুল মুকতাদির প্রমুখ। গণিত বিভাগের লেকচারার শরাফত আলীকে শহীদুল্লাহ হলের সামনে বেয়নেট চার্জ করে হত্যা করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জ্যোতির্ময় গুহঠাকুরতা ছিলেন জগন্নাথ হলের হাউস টিউটর। তাঁকে পাকিস্তানি সেনারা বাসা থেকে টেনে বের করে এনে দেয়ালের পাশে দাঁড় করিয়ে গুলি করলে তিনটি গুলি তাঁর শরীর ভেদ করে দেয়ালে লেগে মেঝেতে পড়ে থাকে। সেই গলি তিনটি স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন স্ত্রী বাসন্তী গুহঠাকুরতা, মেয়ে মেঘনা গুহঠাকুরতা। অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা মৃত্যুবরণ করেন ৩০ মার্চ ১৯৭১, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।শুধু বুদ্ধিজীবী নয়, সারা দেশের মানুষকে সমগ্র নয় মাসে পাকিস্তানি সেনা, তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটির সদস্য, মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম ইত্যাদি দলের লোকেরা কত নৃশংসভাবে যে হত্যা করেছে, তার হিসাব কোনো দিনই মিলবে না।হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে চলেছে ধর্ষণ। ২৫ মার্চ রাত ও ২৬ মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে কী মর্মন্তুদ ঘটনা ঘটেছিল, তার সত্য বিবরণ আজও আমাদের কাছে অজানাই রয়ে গেল।২৬ মার্চে আমরা পেয়েছি স্বাধীনতা দিবস। কিন্তু ১৯৭১ সালের ২৬ মার্চের শুরুর প্রহরগুলো আমাদের জীবনে এসেছিল হত্যা, রক্ত ও মৃত্যু নিয়ে।রশীদ হায়দার: কথা সাহিত্যিক।