কালাই সড়কটির জন্য দুই ইউনিয়নবাসীর দীর্ঘশ্বাস!
জয়পুরহাটের কালাই উপজেলার ৬০ বা ৭০ বছর বয়সী যেকোনো প্রবীণ ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, উপজেলায় সবচেয়ে পুরোনো সড়ক কোনটি? তিনি অপকটে উত্তর দেবেন কালাই-গঙ্গাদাশপুর সড়ক। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি দিয়েই এক সময় পায়ে হেঁটে বা গরুর গাড়িতে চড়ে কালাই সদর ও পুনট ইউনিয়নের আংশিক গ্রাম এবং পুরো উদয়পুর ইউনিয়নের লোকজন (তৎকালীন ক্ষেতলাল থানা) থানা সদরে যাতায়াত করতেন। সড়কটি দিয়ে বর্ষা মৌসুমে যাতায়াত করতে লোকজনের সে সময় প্রচণ্ড কষ্ট হতো। সময় বদলানোর সঙ্গে সঙ্গে সদর ইউনিয়নকে পৌরসভা ঘোষণার পর সড়কটির কালাই সদর থেকে আওড়া পর্যন্ত অংশ পৌরসভার উদ্যোগে পাকা করা হয়েছে। অবশিষ্ট অংশ ৫০ বছর আগে যেমনটি ছিল ঠিক তেমনি আছে।এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে কালাই পৌরসভা, পুনট ও উদয়পুর ইউনিয়নের অন্তত ৪০ গ্রামের লোকজন যাতায়াত করে। কিন্তু পাকা না হওয়ায় এ পথে ভ্যান, সাইকেলও ঠিকমতো চলাচল করতে পারে না। উল্টো সব নির্বাচনেই জনপ্রতিনিধিরা পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ভোটের পর তা বেমালুম ভুলে যান। এক সময় সড়কটির সংশ্লিষ্ট অংশ ইউনিয়ন বোর্ড দেখভাল করলেও এর তদারকি সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।সরেজমিন দেখা গেছে, কালাই শহরের আওড়া মোড় থেকে সড়কটি পূর্বদিকে কয়েকটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রক্ষা করে উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাশপুর তিনমাথা সংযোগস্থলে গিয়ে কিচক-মোসলেমগঞ্জ সড়কের সঙ্গে মিলিত হয়েছে। মাত্র কয়েক কিলোমিটারের এ সড়কটি পাকা না হওয়ায় গঙ্গাদাশপুর, তালখুর, ভুগোইল, মাস্তর, শুকটিগাড়ি, উদয়পুর, থল, গ্রামতলাসহ বিভিন্ন গ্রামের লোকজন প্রায় দ্বিগুণ দূরত্ব পাড়ি দিয়ে কিচক হয়ে ঘুরে আবার কখনো কখনো মোসলেমগঞ্জ বৈরাগীহাট হয়ে উপজেলা সদরে যাতায়াত করেন। আর তালোড়া বাইগুনী, ধুনট, মোহাইল, উৎরাইল, গোহরাসহ বিভিন্ন গ্রামের লোকজন নান্দাইলদিঘি হয়ে ঘুরে উপজেলা সদরে আসেন।এবড়োখেবড়ো কাঁচা এ সড়ক দিয়ে শুষ্ক মৌসুমে শুধু সাইকেল-ভ্যান চলাচল করতে পারলেও বর্ষাকালে কাদা জলে ভরা এ সড়কে কোনো যানই চলাচল করতে পারে না। ফলে কৃষক উৎপাদিত ফসল বিক্রি করতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। অতিরিক্ত ভাড়া দিলেও ভ্যানচালকেরা পণ্য বহনে রাজি হন না। এদিকে অর্ধ শতাব্দী পরও সড়কটি পাকা না হওয়ায় এ সড়ককে ঘিরে গড়ে ওঠা উপজেলার প্রাচীনতম ‘আনিফকির হাট’ ধ্বংস হয়ে গেছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় হাটটিতে আসতে ক্রেতা-বিক্রেতা সবাই উৎসাহ হারিয়ে ফেলেছেন। গঙ্গাদাশপুর গ্রামের কৃষক তোজাম্মেল হোসেন বলেন, ‘সড়কটি পাকা হলে সর্বোচ্চ ৪০ মিনিটেই উপজেলা সদরে যাতায়াত সম্ভব। অথচ বর্তমানে কিচক হয়ে ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে’।উত্তর মাস্তরের সানোয়ার হোসেন বলেন, ‘আনিফকির হাটটির সঙ্গে এলাকার ইতিহাস, ঐতিহ্য জড়িত। শত বছরের পুরোনো এ হাটটি এতদিন এ এলাকার সর্ববৃহৎ হাট ছিল। শুধু সড়কটি কাঁচা হওয়ায় দুর্গম এ হাটে বাজার-সওদা করতে ব্যবসায়ী ও এলাকাবাসী উৎসাহ হারিয়ে ফেলেছেন। ক্রেতা-বিক্রেতা কমে যাওয়ায় হাটটি এখন আর বসে না।’পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির বলেন, ‘এক সময় কর্নারাদিঘি ছিল দুর্গম এলাকা। দিনদুপুরে দিঘির মোড়ে ঝোপ-জঙ্গলে ঘাপটি মেরে থাকা ডাকাতেরা সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিত। খুন খারাবি করত। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে সেখানে স্কুল, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি সব কিছুই প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে এখন রীতিমতো শহুরে চিত্র। কিন্তু এতদিন পরও বদলায়নি শুধু সড়কটিই।’কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘সড়কটি পাকা হলে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ লাঘবের পাশাপাশি সড়কটি ঘিরে গড়ে ওঠা আনিফকির, শান্তিনগর ও তালোবাইগুনী চৌরাস্তা হাট-বাজার থেকে সরকারি বিপুল অঙ্কের রাজস্ব আয় হতো। সড়কটি পাকা করতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে।’জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সাংসদ গোলাম মোস্তফাও বলেন, ‘চলতি অর্থবছরে সাংসদ হিসেবে সরকারিভাবে বরাদ্দ পাওয়া ১৫ কোটি টাকার মধ্যে পাঁচ কোটি টাকায় কালাই উপজেলার তিনটি সড়ক পাকা করা হচ্ছে। ভবিষ্যতে নতুন করে কোনো বরাদ্দ পাওয়া গেলে কালাই-গঙ্গাদাশপুর সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে পাকা করা হবে।’