কালাইয়ে টাকা হাতিয়ে চার এনজিও উধাও
জয়পুরহাটের কালাই উপজেলায় বাসাবাড়ি ও দোকানে নম্বরপ্লেট লাগানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চারটি কথিত এনজিও। সস্তা টিনের তৈরি এসব নম্বরপ্লেট লাগানোর অজুহাতে এনজিওগুলো প্রতিটা পরিবারের কাছ থেকে ৩০ টাকা করে হাতিয়ে নেয়। উপজেলার সাড়ে ৩৪ হাজার পরিবারের কাছ থেকে এ টাকা আদায় করা হয়েছে। অভিযোগ আছে, হাতিয়ে নেওয়া টাকার ভাগ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরাও পেয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ টাকা করে উপজেলার সাড়ে ৩৪ হাজার পরিবারের কাছ থেকে কথিত এনজিওগুলো হাতিয়ে নিয়েছে ১০ লাখ ৩৫ হাজার টাকা। একই কায়দায় উপজেলার প্রায় কয়েক হাজার দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকেও কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কালাই পৌরসভা এলাকায় ‘সুখের নীড়’, পুনট ও জিন্দারপুর ইউনিয়নে ‘এসো জীবন গড়ি’, উদয়পুর ও আহম্মেদাবাদ ইউনিয়নে ‘বাসন্তি জনসেবা সমিতি’ এবং মাত্রাই ইউনিয়নে ‘ময়না বিবি মহিলাকল্যাণ সমিতি’ নামে কথিত চার এনজিও অনেকটা নীরব চাঁদাবাজি চালায়। এলাকাবাসী জানায়, সংস্থা চারটির লোকজন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ধোঁকাও দেয়। তারা নিজেদের সরকারি সংস্থার কর্মী পরিচয় দিয়ে প্রতিটি পরিবারকে নম্বরপ্লেট নিতে বাধ্য করে। বাড়ি, হোল্ডিং, রাস্তা, ওয়ার্ড নম্বর ও মহল্লার নাম লেখা নম্বরপ্লেট না নিলে সরকারি নির্দেশে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলেও তারা হুমকি দেয়। সাধারণ মানুষের অভিযোগ, পাতলা ও নিম্নমানের টিনের এসব নম্বরপ্লেটে সর্বোচ্চ তিন-চার টাকা খরচ হলেও আদায় করা হচ্ছে ৩০ টাকা করে। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে পরিবারের সংখ্যা ৩১ হাজার ২৩০। পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যানদের সূত্রে জানা গেছে, পুনট ইউনিয়নের ছয় হাজার ৬২৬টি পরিবারের কাছ থেকে এসো জীবন গড়ি সংস্থাটি এক লাখ ৯৮ হাজার ৭৮০ টাকা হাতিয়ে নিয়েছে। একই সংস্থা জিন্দারপুর ইউনিয়নের পাঁচ হাজার ৯৯৫টি পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এক লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা। বাসন্তি জনসেবা সমিতি নামের সংস্থাটি উদয়পুর ও আহম্মেদাবাদ ইউনিয়নের ১২ হাজার ৫৫৩টি পরিবারের কাছ থেকে তিন লাখ ৭৬ হাজার ৫৯০ টাকা হাতিয়ে নিয়েছে। ময়না বিবি মহিলাকল্যাণ সমিতি মাত্রাই ইউনিয়নের ছয় হাজার ৫৬টি পরিবারের কাছ থেকে আদায় করেছে এক লাখ ৮১ হাজার ৬৮০ টাকা। কালাই পৌর এলাকার তিন হাজার ১৪০টি পরিবারের কাছ থেকে সুখের নীড় হাতিয়ে নিয়েছে ৯৪ হাজার ২০০ টাকা। হিসাব অনুযায়ী, কথিত সংস্থা চারটি মোট ১০ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বানিহারা গ্রামের আলমগীর হোসেন অভিযোগ করেন, ‘বাসন্তি জনসেবা সমিতির লোকজন সম্প্রতি বাড়িতে এসে চারটি নম্বরপ্লেট নেওয়ার জন্য চাপ দেয়। তারা প্রথমে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে এসব নম্বরপ্লেট বাবদ ১২০ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে একপর্যায়ে তারা মামলা দেওয়ার ভয় দেখায়। সরকারি নির্দেশ এবং ইউনিয়ন চেয়ারম্যানের অনুমতি নিয়েই তারা এ কার্যক্রম চালাচ্ছে বলেও দাবি করে। কিন্তু পরে জানতে পারি তারা সরকারি লোক নয়।’পুনট ইউনিয়নের শিকটা গ্রামের হারুনুর রশিদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে এখন পর্যন্ত কোনো বাড়ির নম্বর বা হোল্ডিং নম্বর দেওয়া হয়নি। এনজিওর দেওয়া নম্বরপ্লেটে আমার বাড়ির নম্বর ৬৯, রোড ১/২ দেওয়া হয়েছে। এসব নম্বর মনগড়া।’ কালাই শহরের শাওন ফার্মেসির স্বত্বাধিকারী শাহারুল আলম বলেন, ‘শুধু বাসাবাড়ি থেকেই নয়, প্রতিটি দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান থেকেও নম্বরপ্লেট বসানোর নামে ৩০ টাকা করে নেওয়া হয়েছে।’ শহরের থুপসাড়া মহল্লার আব্দুর রশিদ বলেন, ‘পৌর এলাকায় বসানো নম্বরপ্লেটে যেসব হোল্ডিং, সড়ক নম্বরসহ অন্যান্য তথ্য উল্লেখ করা হয়েছে তা সবই ভুয়া। পৌরসভা থেকে দেওয়া প্রকৃত হোল্ডিং নম্বরের সঙ্গে এসব নম্বরের মিল নেই।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম কাওছার রহমান বলেন, ‘উপজেলায় যেকোনো ধরনের এনজিও কার্যক্রম চালাতে হলে উপজেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। এ ধরনের কার্যক্রম চালানোর বৈধ কাগজপত্র দেখাতে হবে। কিন্তু সুখের নীড়, এসো জীবন গড়ি, বাসন্তি জনসেবা সমিতি এবং ময়না বিবি মহিলাকল্যাণ সমিতির নামে অভিযোগ উঠেছে, তারা কেউই সমাজসেবা কার্যালয় বা প্রশাসনের অনুমতি নেয়নি। তারা আমাদের অজ্ঞাতেই সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে চম্পট দিয়েছে। নম্বরপ্লেটে এনজিওগুলোর শুধু নাম থাকলেও নিবন্ধন নম্বর ও যোগাযোগের ঠিকানা না থাকায় সংস্থাগুলোর হদিস পাওয়া যাচ্ছে না।’ পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ এবং জিন্দারপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান দাবি করেন, কিছুদিন আগে এনজিওগুলোর লোকজন বাড়ি বাড়ি নম্বরপ্লেট লাগানোর প্রস্তাব দেয়। এসব কাজে মন্ত্রণালয়ের অনুমতি আছে বলেও তারা জানায়। নম্বরপ্লেটে বেশ কিছু জরুরি তথ্য থাকবে এমনটা বলায় তাদের তা লাগানোর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পরে নিম্নমানের প্লেট লাগিয়ে টাকা হাতিয়ে তারা সটকে পড়ে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা বলেন, ‘যে সময় শহরের বাসাবাড়িতে নম্বরপ্লেটগুলো লাগানো হয়েছিল ওই সময় দায়িত্বে ছিলাম না। তবে নিম্নমানের প্লেট বসিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সত্য।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহিম বলেন, ‘প্রশাসনের অনুমতি না নিয়েই এ ধরনের কার্যক্রম চালানো হয়েছে। খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’