কালাইয়ে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর
জয়পুরহাটের কালাইয়ে চলতি সেচ মৌসুম শুরু হতে না হতেই ভূগর্ভস্থ পানির স্তর আশংকাজনক হারে নিচে নেমে যাচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় হস্তচালিত টিউবওয়েল-গুলোতে পর্যাপ্ত পানি উঠছে না। এতে উপজেলার ৩৪ হাজার পরিবারে খাওয়ার পানির সংকট ক্রমেই প্রকট হয়ে উঠছে। সেচ ও খরা মৌসুম পুরোপুরি শুরু হলে উপজেলার সিংহভাগ হস্তচালিত টিউবওয়েল অকেজো হয়ে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংকট মোকাবেলায় জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় থেকে সংশ্লিষ্টদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গ্রামাঞ্চলে গভীর নলকূপ থেকে বাড়ি বাড়ি বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত খাওয়ার পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। সেচের জন্য স্থাপিত গভীর নলকূপ থেকে ভূগর্ভস্থ পাইপলাইন দিয়ে বরেন্দ্র কর্তৃপক্ষ বাড়ি বাড়ি খাওয়ার পানি সরবরাহের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই উপজেলায় ১০টি গভীর নলকূপ থেকে খাওয়ার পানি সরবরাহ কার্যক্রম চালু করেছে বরেন্দ্র কর্তৃপক্ষ। বেশ কয়েকটি নলকূপ থেকে খাওয়ার পানি সরবরাহের জন্য ভূগর্ভস্থ পাইপলাইন বসানোর কাজ চলছে। পানির স্তর নিম্নমুখী হওয়ার কারণে হস্তচালিত নলকূপে ঠিকমতো পানি উঠছে না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, উপজেলায় হস্তচালিত টিউবওয়েলের সংখ্যা প্রায় দুই হাজার। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগের কয়েকটি খরা মৌসুমেও সিংহভাগ টিউবওয়েলে পানি ওঠেনি।বিএমডিএ-র কালাইয়ের সহকারী প্রকৌশলী মোশাব আলী বলেন, সেচ প্রকল্পে বর্তমানে কালাইয়ে দুই কিউসেক ক্ষমতাসম্পন্ন গভীর নলকূপ চালু আছে। যদি এক কিউসেক ক্ষমতাসম্পন্ন গভীর নলকূপ স্থাপন করা যেত তাতে বিদ্যুত্ বিল কম হতো এবং গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠী স্বল্প খরচে খাওয়ার পানির সরবরাহ পেত।কালাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবু তাহের মীর বলেন, খরা মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় হস্তচালিত টিউবওয়েলে ঠিকমতো পানি উঠছে না। এতে এ সময়টায় খাওয়ার পানির সংকট দেখা দিচ্ছে। এ টিউবওয়েলগুলো সচল রাখতে হস্তচালিত টিউবওয়েলগুলোর ভাল্ব মাটির সাত থেকে ১০ ফুট নিচে নামিয়ে বোরিং করার পরামর্শ দেওয়া হচ্ছে।