কালাইয়ে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার অভিযোগ
জয়পুরহাটের কালাইয়ে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আবদুর রউফ ও আবদুর রব নামের জামায়াতের দুই কর্মীকে আটক করেছে। পুলিশ, জামায়াত ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক জামায়াতের কেন্দ্রীয় কয়েকজন নেতার মুক্তির দাবিতে আজ সকালে কালাই উপজেলা ও পৌর জামায়াত এবং শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের পাঁচশিরা বাজারে পৌঁছালে কালাই থানা পুলিশের একটি দল এতে বাধা দেয়। হামলার শিকার কালাই থানার উপসহকারী পরিদর্শক আফজাল হোসেন বলেন, পূর্ব অনুমতি না থাকায় তিনিসহ তিন সদস্যবিশিষ্ট পুলিশের একটি দল মিছিলটিতে বাধা দেয়। এতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশ হামলাকারীদের আটকের চেষ্টা করলে মিছিলকারীরা তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালান। এতে তারা আহত হয়। এএসআই আফজাল বলেন, আহত অন্য দুজন হলেন কনস্টেবল বিপ্লব কুমার ও আশরাফুল ইসলাম। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।তবে ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী পাঁচশিরা বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে মারধর করলে প্রাণভয়ে পুলিশের ওই কর্মকর্তাসহ অন্য সদস্যরা পালিয়ে রক্ষা পান। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং দুজন কর্মীকে আটক করে। কালাই উপজেলা জামায়াতের আমীর তাইফুল ইসলাম ফিতা মিঞা দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শান্তিপূর্ণভাবে মিছিল বের করা হয়েছিল। কিন্তু পাঁচশিরা বাজার এলাকায় মিছিলটি পৌঁছালে পুলিশ পেছন থেকে কয়েকজন নেতা-কর্মীকে আটকের চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি ও কাড়াকাড়ি হয়েছে। নেতা-কর্মীরা পুলিশকে মারধর করেনি।জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, হামলাকারী জামায়াত শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করার জন্য কালাই থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।