কালাইয়ে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য আবদুর রশিদ তালুকদার ওরফে আবু তালুকদারের (৫৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নিজ বাড়ির দোতলার শয়নকক্ষ থেকে রশিদ তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ রশিদ তালুকদারের শয়নকক্ষ থেকে তাঁর নামে নিবন্ধন করা একটি বন্দুকও উদ্ধার করেছে। পুলিশ জানায়, এটি হত্যা না আত্মহত্যা, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত আবদুর রশিদ তালুকদারের প্রতিবেশী পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমানের ভাষ্য, ‘আজ ভোরে ফজরের নামাজের পর একটি গুলির শব্দ শোনা গেছে।’আবদুর রশিদের পরিবারের সদস্যদের কারও সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা, এ ব্যাপারে তদন্ত চলছে।’আবদুর রশিদ তালুকদার স্বাধীনতা-পরবর্তী সময় থেকে সরকার অনুমোদিত জ্বালানি তেল (পেট্রল পাম্প), এলপি গ্যাস ও রাসায়নিক সারের ডিলার ছাড়াও ধান-চাল ও চাতাল, পোলট্রি খামারের ব্যবসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর ছোট ভাই আফজাল হোসেন তালুকদার কালাই পৌরসভার চেয়ারম্যান ছিলেন।