কালাইয়ে মেয়র প্রার্থী আটকের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে পৌরসভা নির্বাচনে গণসংযোগকালে মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ সরদারকে শহরের পৌরবাজার এলাকা থেকে আটক করেছেন রিটানিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম আজ বুধবার দুপুরে তাঁকে আটক করেন। একই সঙ্গে আটকের কারণ জানতে চাইলে মেয়র প্রার্থীর সঙ্গে থাকা উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমানকেও আটক করে নিয়ে আসা হয়।এই আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত নেতা-কর্মী উপজেলা নির্বাহী ইউএনওর কার্যালয় ঘেরাও করে। তারা তাঁকে প্রত্যাহারের দাবিতে জয়পুরহাট-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইউএনওর কার্যালয়ের সামনে শত শত নেতা-কর্মী বিক্ষোভ প্রদর্শন করছিল। এখন উপজেলা সদরে চরম উত্তেজনা বিরাজ করছে।