কালাইয়ে ২৭৯ কেজি সৌদি খেজুর হরিলুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে দুস্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ আসা ২৭৯ কেজি সৌদি খেজুর হরিলুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিন আগে উপজেলা ত্রাণ কার্যালয়ের মাধ্যমে এসব খেজুরের বরাদ্দ এলেও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে তা ভাগবাটোয়ারা করে নেওয়া হয়েছে। দুস্থদের জন্য আসা এসব খেজুরে ভাগ বসিয়েছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও।উপজেলা ত্রাণ কার্যালয় সূত্র জানায়, এলাকার দুস্থদের মধ্যে বিতরণের জন্য সৌদি সরকারের সাহায্য হিসেবে কালাই উপজেলায় ২৭৯ কেজি খেজুর পাঠানো হয়। তিন দিন আগে ওই খেজুর পাঠানো হলেও ৮ সেপ্টেম্বর পর্যন্ত তা দুস্থদের মধ্যে বিতরণ করা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, এসব খেজুর দুস্থদের মধ্যে বিতরণ না করে জনপ্রতিনিধি ও দু-একজন সরকারি কর্মকর্তা ভাগাভাগি করে নিয়েছেন। কিছু খেজুর ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যানদের কাছের কিছু মেম্বাররাও এসব খেজুরে ভাগ বসিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এদিকে কিছু খেজুর উপজেলা ত্রাণ কার্যালয় থেকেই হরিলুট হওয়ায় উপজেলা ত্রাণ কর্মকর্তা খেজুরের বরাদ্দের পরিমাণ নিয়ে রীতিমতো লুকোচুরি খেলেন।উপজেলা ত্রাণ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘উপজেলায় ১৭৫ কেজি খেজুর বরাদ্দ এসেছে। এসব খেজুর ইতিমধ্যেই চেয়ারম্যানদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে। দুস্থদের মধ্যে এসব খেজুর বিতরণ করার কথা চেয়ারম্যানদের।’ তবে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম বলেন, ‘উপজেলায় ২৭৯ কেজি খেজুর বরাদ্দ এসেছে। এসব খেজুর প্রকৃত দুস্থরা পেয়েছেন কি না সেটা উপজেলা চেয়ারম্যানই ভালো বলতে পারবেন।’কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম ৮ সেপ্টেম্বর বলেন, তিনি এক কেজি খেজুরও বরাদ্দ পাননি।উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মো. রকিব উদ্দিন দাবি করেন, ‘তাঁর ইউনিয়নে ৫৫ কেজি খেজুর পাওয়ার কথা থাকলেও ৩২ কেজি বরাদ্দ পেয়েছেন। তবে এখনো তা বিতরণ করা হয়নি।’উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাজাহান আলী স্বীকার করেন, ‘তিনিও আট কেজি খেজুর ভাগ পেয়েছেন। তবে তা এখন পর্যন্ত বিতরণ করা হয়নি।’কালাই উপজেলার চেয়ারম্যান মিনফুজুর রহমান অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে বলেন, ‘কিছু খেজুর উপজেলা ত্রাণ কার্যালয় থেকেই হরিলুট হয়েছে। আর ব্যক্তিগতভাবে দেওয়া ইফতার পার্টিতে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে কয়েক কেজি খেজুর বিতরণ করা হয়েছে। অবশিষ্ট খেজুর দুস্থদের মধ্যে বিতরণের জন্য চেয়ারম্যানদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব খেজুর মসজিদের মুসল্লিদের মধ্যে বিতরণ করার কথা।’ তবে উপজেলা তাবলিগ জামায়াতের জিম্মাদার (আমীর) মাওলানা আবদুুল মাজেদ বলেন, ‘উপজেলার প্রায় প্রতিটি মসজিদেই তাবলিগ জামায়াতের সাথি ভাই (মসজিদ শাখা) রয়েছে। কোথাও খেজুর বিতরণ করা হয়েছে এখন পর্যন্ত এমন তথ্য জানা নাই।’