কালাইয়ের আলুচাষিরা হিমাগারভিত্তিক চক্রের হাতে জিম্মি
হিমাগারকেন্দ্রিক মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার আলুচাষিরা। চক্রটি গত কয়েক মৌসুমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে কোটি টাকার মুনাফা লুটছে। চাষিদের ভাগ্যে প্রতিটি মৌসুমে জুটছে লোকসানের বোঝা। সদ্যসমাপ্ত মজুদ মৌসুমেই ওই চক্র উপজেলার আটটি হিমাগারে প্রায় ছয় লাখ বস্তা (৫০ হাজার মেট্রিক টন) আলু মজুদ করে প্রায় ১১ কোটি টাকার মুনাফা লুটেছে। মধ্যস্বত্বভোগী ওই সিন্ডিকেটের কারণে চলতি মৌসুমেও উত্পাদন খরচ হারানোর আশঙ্কা করছেন স্থানীয় আলুচাষিরা। কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, গত উত্পাদন মৌসুমে উপজেলায় প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। উত্পাদিত আলুর পরিমাণ ছিল প্রায় এক লাখ মেট্রিক টন। এর মধ্যে উপজেলার আটটি হিমাগারে প্রায় সাত লাখ বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল। চলতি মৌসুমে ওই আটটি হিমাগারে খাবারযোগ্য গোল আলু, কার্ডিনাল, গ্যানোলা ও বীজ আলু মিলে প্রায় সাত লাখ বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল। উপজেলার আদর্শ আলুচাষি গঙ্গাদাশপুরের তোজাম্মেল হোসেন বলেন, ‘কষ্ট করে আলু আবাদ করনো হামরাই; বাজারত তুলে দাম পানো মাত্র ৭/৮ টেকা কেজি, আর মাত্র ৩/৪ মাস হিমাগারত আলু মজুত করে মজুতদারেরা ওই আলু বিক্রি করোচে ৩৪ টেকা কেজি দরে, এটা ক্যামন কথা?’উপজেলার নর্থপোল হিমাগারের ব্যবস্থাপক মনোয়ারুল ইসলামও স্বীকার করেন, ‘কোনো কোনো হিমাগার কর্তৃপক্ষ সরাসরি আলু মজুদদারি ব্যবসায় জড়িত, তবে ঢালাওভাবে সবাই নয়।’ কালাই উপজেলা কৃষি কর্মকর্তা এ বি এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপজেলার আট হিমাগারের ধারণক্ষমতা প্রায় ৬৮ হাজার মেট্রিক টন। হিমাগার মালিকরা প্রকৃত তথ্য গোপন করে অতিরিক্ত আলু মজুদ করলে কিংবা কেউ বাজার সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়ে দিলে সে ব্যাপারে উপজেলা কৃষি বিভাগের কিছুই করার নেই। এ বিষয়টি দেখার দায়িত্ব জেলা বাজার অনুসন্ধান কর্মকর্তার।’জয়পুরহাট জেলা বাজার অনুসন্ধান কর্মকর্তা (মার্কেটিং কর্মকর্তা) রতন কুমার বলেন, ‘জেলা মার্কেটিং বিভাগের পক্ষ থেকে আগামী মৌসুম থেকে আলুর বাজার সিন্ডিকেটটিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’