আকারে ছোট। স্বপ্নিল নীলে মাখা শরীর। পুরুষের ঘাড় কালো পালকে আবৃত। পেটের নিচের দিকের পালক সাদাটে। মেয়েদের দেহ ধূসর বাদামি ও অনুজ্জ্বল নীল পালকে ঢাকা। ঠোঁট কালচে সবুজ। পা স্লেটি নীল।অপূর্ব সুন্দর এই পাখির কোনো বাংলা নাম নেই! আশ্চর্য হওয়ারই কথা। নিশ্চয় বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের কোনো না কোনো গ্রামের লোকজন পাখিটিকে কোনো না কোনো নামে ডাকে। তবে ইংরেজি নাম তো আছে, Black-napped Monarch। বৈজ্ঞানিক নাম Hypothymis azurea। তবে ইংরেজি নামের সঙ্গে মিল রেখে পাখিটির নাম রাখা হয়েছে কালাঘাড় রাজন। পক্ষীবিদ ইনাম আল হকের এই সুন্দর ও সহজ নামকরণ। শুধু রাজন হলে শুনতে হয়তো আরও ভালো লাগত।বিশ্বে হাইপোথাইমিস গণের তিনটি প্রজাতির মনার্ক আছে। তাই বিশেষ একটি বৈশিষ্ট্য নিয়ে নামকরণ করলে পাখিটিকে চিনতে সুবিধা হয়। বাংলাদেশে শুধু এই এক প্রজাতির, কালাঘাড় রাজন দেখা যায়। একাকী ও জোড়ায় চলে ও হুউচ হুই...হুই সুরে ডাকে। ডাকার সময় পেছনের লেজটি দুলতে থাকে। প্রজাপতি, মথ ও উড়ন্ত পোকা ধরে খায়। মার্চ থেকে আগস্ট মাসে বাসা বাঁধে। উভয় পাখি নিরলস পরিশ্রম করে তিন থেকে চার দিনের মধ্যেই বাসা তৈরি করে। বাসা তৈরির উপাদান শুকনো লতা, ঘাস, মাকড়সার জাল, নারকেলের আঁশ, মস ইত্যাদি। ছোট বা মাঝারি আকারে গাছের শাখার দুই ডালের মাঝে গোলাকার চোঙ আকৃতির বাসা বানায়। দেখতে অনেকটা আইসক্রিমের কোনের মতো। আমগাছ ও বাঁশঝাড়ে বেশি বাসা বাঁধে। বাসা বানানোর দু-তিন দিন পর ডিম দেয়। সাধারণত তিনটি ডিম দেয়। ডিম সাদাটে, তাতে ফোঁটা ফোঁটা ছটা থাকে। ১২ দিনের মধ্যে ডিম ফুটে ছানা বের হয়। ১০ দিনের মধ্যেই ছানারা বাসা ছাড়ে, পাখা ঝাপটে ছুটে আকাশ পানে। ঘন বন ও গাছপালাসমৃদ্ধ গ্রামীণ বনে বাস করে এই পাখি। বিশেষ করে বাঁশের ঝাড়, আমবাগানে সহজদৃষ্ট। রাজন ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।বাংলাদেশ বাদে এদের ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, চীন, তাইওয়ান, মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনে দেখা যায়।