কালাম নারাজ তবুও অনড় মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি পদের জন্য প্রণব মুখার্জিকেই বেছে নিয়েছে কংগ্রেস। আজ শুক্রবার শরিকদের সঙ্গে বৈঠকের পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রণব মুখার্জির নাম ঘোষণা করেন। তবে এ ঘোষণার পরেও নিজের জায়গায় অনড় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুতেই প্রণব মুখার্জিকে সমর্থন দেবেন না তিনি। এখনো মমতা জোর গলায় বলছেন, তাঁর দল রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে সমর্থন দেবে সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকেই। যদিও টাইমস নাউটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে কালাম বলেছেন, রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ নেই তাঁর। তার পরেও মোটেই বিচলিত নন মমতা। পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে মমতা বলেছেন, ‘আবদুল কালামই রাষ্ট্রপতি পদের জন্য পুরোপুরি যোগ্য। আমরা আগে যে ঘোষণা দিয়েছি, তা থেকে সরে যাওয়ার কোনো কারণ নেই।’ মমতার মতে, আবদুল কালাম জাতীয় ও আন্তর্জাতিকভাবে শ্রদ্ধেয় ব্যক্তি। এদিকে এর মধ্যেই সমাজবাদী দলসহ বেশ কয়েকটি দল প্রণব মুখার্জিকে সমর্থন দিয়েছে। তবে তাতে কিছু আসে যায় না মমতার। তিনি বলছেন, সমাজবাদী দল তাঁর সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা করেনি। তাই প্রণবকে দেওয়া সমর্থনের ব্যাপারে কিছু বলার নেই ।