কালামের জ্যাকেট, জুতা খুলে নিয়ে যান মার্কিন কর্মকর্তারা!
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে দুই দফা তল্লাশির মুখে পড়েছিলেন। শুধু তাই নয়, একপর্যায়ে মার্কিন কর্মকর্তারা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢুকে তাঁর জুতা ও জ্যাকেট নিয়ে যান। বিমানের কর্মকর্তারা এতে তীব্র আপত্তি জানালেও, নিরাপত্তা কর্মকর্তারা তাতে কান দেননি। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে আজ এ ঘটনায় অনুতপ্ত হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে গত সেপ্টেম্বর মাসে দেশটি সফর করেন ৮০ বছর বয়সী ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। সূত্র জানায়, আবদুল কালাম বিমানে ওঠার পর জেএফকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে দ্বিতীয়বারের মতো তল্লাশি করা হবে বলে জানান। এ সময় কোনো ধরনের বাধা দেননি সাবেক রাষ্ট্রপতি। একই সঙ্গে তাঁরা তাঁর জুতা ও জ্যাকেটও নিয়ে যান। যদিও পরে তা ফেরত দেওয়া হয়।আবদুল কালামের ঘনিষ্ঠ সেই সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, তিনি দেশে ফেরার পর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।এ ঘটনার পর এয়ার ইন্ডিয়ার নিরাপত্তাবিষয়ক পরিচালক এস মাথুর ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে পাঠান। ওই প্রতিবেদন পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।ভারতের বেসামরিক বিমান চলাচল সচিব নাসিম জায়েদি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। আর বিষয়টি এখন মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত করছে বলে আমি শুনেছি। তবে এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’