জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে এই তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার দাখিল করা হবে।আজ তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমন্বয়ক আবদুল হান্নান খান এ কথা জানান। বেলা সোয়া ১১টার দিকে প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, গত বছরের ১০ এপ্রিল আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, লুটপাট—এসব অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে সাক্ষীর সংখ্যা পঞ্চাশের বেশি।তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ১৪টি হত্যাকাণ্ড, তিনটি ধর্ষণ, নয়টি অপহরণ, ১০ জনকে আটক, পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ, ১৫টি বাড়িতে লুটপাট, নয়জনকে ধর্মান্তরিত করা, মানুষকে দেশত্যাগে বাধ্য করাসহ অজ্ঞাত অনেক লোকের ওপর চালানো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।আবদুল হান্নান খান বলেন, বাচ্চু রাজাকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষী ছাড়াও দৈনিক পত্রিকা, পুস্তক, ফরিদপুর জেলা প্রশাসকের পাঠানো তথ্য, স্থিরচিত্র, স্কেচ ম্যাপ, খসড়া মানচিত্র, ভিডিও চিত্রসহ বিভিন্ন তথ্যপ্রমাণ রয়েছে।তদন্ত সংস্থার এই কর্মকর্তা বলেন, মুক্তিযুদ্ধের সময় বাচ্চু রাজাকার আলবদর ও রাজাকার বাহিনীর ভয়ংকর ও দুর্ধর্ষ সদস্য ছিলেন। ওই সময় তিনি জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। বাচ্চু রাজাকার তত্কালীন ছাত্রসংঘের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে জড়িত থেকে ফরিদপুর স্টেডিয়ামে স্থাপিত টর্চার সেলে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনসহ সাধারণ মানুষের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন।আবদুল হান্নান খান বলেন, তাঁর বিরুদ্ধে ৫৯ পৃষ্ঠার মূল তদন্ত প্রতিবেদনসহ ৩৮৪ পৃষ্ঠার প্রতিবেদন প্রসিকিউশনের মাধ্যমে ট্রাইব্যুনালে পেশ করা হবে। চলতি বছরের ৩ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে তিনি পলাতক।