কালামের সমর্থনে ফেসবুকে মমতা
একসময়ে চরম বিষোদগার করলেও এবারে নিজেই মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, ঠিক বন্ধুত্বের খাতিরেই কিন্তু তিনি ফেসবুকে আসেননি। এসেছেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পছন্দের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের পক্ষে প্রচারণা চালাতে। আর এ কারণেই ফেসবুকে জীবনে প্রথমবারের মতো পোস্টও দিয়েছেন তিনি।অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে কংগ্রেস। প্রণবের ব্যাপারে মমতার বিরোধিতা রয়েছে। এ পদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। মমতার বিরোধিতা সত্ত্বেও কংগ্রেস প্রণবকেই বেছে নিয়েছে।রাষ্ট্রপতি পদের প্রার্থী মনোনয়ন নিয়ে কংগ্রেসের সঙ্গে মমতার তৈরি হয় টানাপোড়েন। অনেকে এটাকে মমতার হারও বলছেন। কিন্তু তিনি পিছু হটতে রাজি নন। ভারতের মিসাইলম্যান আবদুল কালামকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করতে এবার তাই ফেসবুককেই বেছে নিলেন মমতা। জীবনের প্রথম ফেসবুকে করা পোস্টে তৃণমূল নেত্রী কালামকে সমর্থনের জন্য ভারতের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।টাইমস ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, তৃণমূল নেত্রী মমতা তাঁর পোস্টে লিখেছেন, ‘আমার দলটি ছোট্ট। আমরা কোনো বড় দল নই। অন্য বড় দলের মতো আমাদের সামর্থ্যও নেই। আমরা সত্যকে ধারণ করে চলার চেষ্টা করি। জীবনে সব সময় নীতিকে সঙ্গে নিয়েই লড়াই করেছি। আমার সিদ্ধান্তে আমি অটল।’গণতন্ত্রে জনগণই সবকিছুর ঊর্ধ্বে—জানিয়ে মমতা বলেন, কালামকে পছন্দ করে তিনি ভুল করেননি। এখনো তিনি সেই জায়গাতেই অনড়।তবে মজার ব্যাপার হলো কিছুদিন আগেও ফেসবুকের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন মমতা। কার্টুন কাণ্ডের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন তাঁর ও দলের বিরুদ্ধে কুত্সা রটানো হচ্ছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাষ্ট্রপতি পদে কালামের সমর্থনে সেই ফেসবুককেই কাছে টেনে নিলেন মমতা।মানুষকে আকৃষ্ট করতে ফেসবুকের ক্ষমতা সম্পর্কে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানেন যুবকদের সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র এবং সহজ মাধ্যম ফেসবুক। তাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যখন জাতীয় রাজনীতিতে অসুবিধাজনক অবস্থায় পড়েছেন তখন ফেসবুককেই অবলম্বন হিসেবে বেছে নিলেন তিনি।