কালিয়াকৈরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে একজন খুন, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজ মঙ্গলবার বেলাল (৫১) নামে একজন নিহত হয়েছেন। তিনি কালিয়াকৈরের বাসিন্দা এবং স্থানীয় পরিবহন নেতা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পরিবহন শ্রমিক নেতা শহীদুল ইসলাম এবং আওয়ামী লীগের কালিয়াকৈর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের আজিজ আহমেদের মধ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল। আজ সকাল আটটার দিকে নায়েগ্রা টেক্সটাইল মিলের ঝুট আনতে যায় শহীদুলের পক্ষের লোকজন। এ সময় তাদের বাধা দেয় আজিজ আহমেদের পক্ষের লোকজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং উভয়পক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশসহ অন্তত ১১ জন আহত হন। গুরুতর আহত হয়ে বেলাল ঘটনাস্থলেই মারা যান। বেলালের মৃত্যুর খবরে এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়েছে। পরিবহন শ্রমিক নেতা-কর্মীরা বেলালের লাশ কালিয়াকৈর বাসস্ট্যান্ডে রেখেছেন। অপ্রীতিকর অবস্থা এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।