কালিহাতীতে ১০টি ড্রেজারে বালু উত্তোলন, তিন সেতু হুমকিতে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনার শাখা ঝিনাই নদীর চারটি স্থানে অবৈধভাবে ১০টি ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। বালু তোলায় পৌলী রেলসেতু, এলেঙ্গা-মগড়া সড়কের সেতু এবং সদ্যনির্মিত সুরুজ ভুক্তা সেতুটি হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে এলেঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা থানায় মামলা করেছেন। কিন্তু বালু তোলার সঙ্গে আওয়ামী লীগের নেতা ও স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকায় পুলিশ মামলা তালিকাভুক্ত করেনি।এলাকাবাসী জানান, কালিহাতীর এলেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে গোলাপ কয়েক মাস ধরে এলেঙ্গা-মগড়া সড়কের এলেঙ্গা সেতুর নিচে চারটি ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু তুলছেন। গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এলেঙ্গা সেতুর ২০ গজের মধ্যেই দুটি ড্রেজার মেশিনে নদী থেকে বালু তোলা হচ্ছে। এর দক্ষিণেও চলছে দুটি ড্রেজার। উত্তোলন করা বালু ট্রাকে ট্রাকে বিক্রি হচ্ছে। ড্রেজার অপারেটর উজ্জ্বল মিয়া জানান, তাঁকে গোলাম মোস্তফা নিয়োগ দিয়েছেন। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বালু তোলা হয়। গোলাম মোস্তফা বলেন, ‘নদীতে আমার পৈতৃক জমি রয়েছে। আমি সেখান থেকে বালু তুলছি।’ একইভাবে ওই নদীর পৌলী এলাকার চারটি স্থানে ড্রেজার বসিয়ে বালু তুলছেন স্থানীয় প্রভাবশালী আবদুল কদ্দুস, আলী চান, শংকর ঘোষ ও হাফিজুর রহমান। পৌলী গিয়ে দেখা যায়, আবদুল কদ্দুস ও আলী চানের দুটি ড্রেজার থেকে বালু তুলে পার্শ্ববর্তী জমিতে মজুদ করা হচ্ছে। পৌলী রেলসেতুর পাশে চলছে হাফিজুর রহমান ও শংকর ঘোষের ড্রেজার। তাঁরাও বালু মজুদ করছেন নদীর পাশের জমিতে। আবদুল কদ্দুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবৈধভাবে বালু তোলার কথা স্বীকার করে বলেন, নদীতে তাঁদের জমি গেছে। তাই তিনি নদী থেকে বালু তুলছেন। এই চার ব্যক্তি ইতিমধ্যেই প্রায় তিন লাখ ঘনফুট বালু মজুদ করেছেন বলে সংশ্লিষ্টরা জানান। এঁরা এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বালু তোলার কারণে নদীতে ভাঙনের আশঙ্কা করছেন। এ ছাড়া রেলসেতুর গোড়া থেকে বালু উত্তোলন করায় সেতুটি হুমকির মুখে পড়েছে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ।পৌলী থেকে ভাটির দিকে তিন কিলোমিটার দূরে একই নদীর খলদবাড়ী এলাকায় সেলিম মিয়া এবং ভুক্তা এলাকায় সদ্যনির্মিত সুরুজ ভুক্তা সেতুর গোড়ায় ড্রেজার বসিয়ে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বালু তুলে বিক্রি করছেন। এঁদের নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক নেতারা রয়েছেন বলে এলাকাবাসী জানান।এলেঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিষয়টি কালিহাতীর সহকারী কমিশনারকে (ভূমি) জানানোর পর তিনি লিখিতভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে নির্দেশ অমান্য করে বালু তোলা অব্যাহত আছে।কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফরহাদ হোসেন জানান, নির্দেশ অমান্য করে বালু উত্তোলন করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।গত ৭ আগস্ট ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বাদী হয়ে কালিহাতী থানায় এলেঙ্গার গোলাম মোস্তফা, পৌলীর আবদুল কদ্দুস, আলী চান, শংকর ঘোষ ও হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু পুলিশ মামলাটি তালিকাভুক্ত বা এ ব্যাপারে কোনো আইনগত পদক্ষেপ নেয়নি। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।