কালিহাতীর ৮৫ ভাগ তাঁত বন্ধ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে এখন আর তাঁতের টাকুর টুকুর শব্দ শোনা যায় না। যে গ্রামের বেশির ভাগ মানুষ ঘুম ভাঙতে না ভাঙতেই তাঁতের কাজে বসে যেত, তাদের হাতে এখন আর কাজ নেই। সেখানকার তাঁতের মালিক-শ্রমিকেরা জানান, সুতা ও রঙের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তাঁতশিল্প সংকটের মুখে পড়েছে। দেড় বছর আগে যে সুতার দাম ছিল প্রতি বেল ৫০ হাজার টাকা, তা এখন এক লাখ টাকা। উপকরণের দাম বাড়া ছাড়াও অন্যান্য কাপড় বাজার দখল করায় ওই এলাকায় উৎপাদিত শাড়ির বাজার মন্দা। ওই এলাকায় বালুচড়ি, জামদানি, থান শাড়ি, বুটিক, গ্যাসসিল্ক প্রভৃতি শাড়ি তৈরি হয়। মন্দার কারণে বড় মালিকদের কারখানায় ছোট মালিকদের অনেকে শ্রমিকের কাজ নিয়েছেন। তাঁতমালিকেরা জানান, কালিহাতীর অন্তত ৮৫ ভাগ তাঁত বন্ধ হয়ে গেছে। শুধু ছাতিহাটি গ্রামেই দুই হাজারের বেশি তাঁত ছিল। তার মধ্যে এখন চালু আছে মাত্র ৩০০-এর মতো। ছাতিহাটি গ্রাম ঘুরে দেখা গেছে, কোনো কোনো ঘরে আট-দশটি তাঁত আছে। কিন্তু কাজ না থাকায় ঘরটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। তাঁতগুলোকে ঘিরে মাকরসা জাল বুনেছে। কোনো কোনো মালিক ২০-৩০টি তাঁতের মধ্যে পাঁচ-সাতটি চালাচ্ছেন। অনেক দিন অকেজো পড়ে থাকায় বহু তাঁত এরই মধ্যে নষ্ট হয়ে গেছে বলে মালিকেরা জানান। টাঙ্গাইল শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে ছাতিহাটি বাজারে কথা হয় তাঁতমালিক, শ্রমিক, রং ব্যবসায়ীসহ অনেকের সঙ্গে। রং ব্যবসায়ী আবু তায়েব আনসারী (৬২) বলেন, গত ছয় মাসে রং বিক্রি ৭০ ভাগ কমে গেছে। সেপ্টেম্বর মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকার রং বিক্রি হলেও অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাসে বিক্রির পরিমাণ ৭০ থেকে ৮০ হাজার টাকা। তাঁতমালিকদের কাছে তাঁর প্রায় ছয় লাখ টাকা বাকি পড়েছে। ছাতিহাটির তাঁতমালিক মুকুল হোসেনের ৮০টি তাঁতের মধ্যে চালু আছে ১০-১২টি। তাঁর কারখানায় একসময় প্রায় দেড় শ শ্রমিক কাজ করলেও এখন কাজ করছেন ১৫ জন। গত ১০ বছরে তাঁতশিল্পের উপকরণের দাম বেড়ে যাওয়ার হিসাব উল্লেখ করে মুকুল বলেন, ১০ বছর আগে এক বান্ডিল সুতার দাম যেখানে ৬০০ থেকে ৭০০ টাকা ছিল, সেখানে এখন সর্বনিম্ন দাম তিন হাজার ৩০০ টাকা। তিনি জানান, একটি শাড়ি তৈরিতে ১০ বছর আগে মজুরি দিতে হতো ২০-২৫ টাকা। এখন শাড়িপ্রতি সর্বনিম্ন মজুরি ১৫০ টাকা। এক বান্ডিল সুতায় ১০ বছর আগে ৩০-৪০ টাকার রং লাগত। এখন রং লাগে প্রায় ২০০ টাকার। শাড়িতে মাড় দেওয়ার জন্য এরারুট বার্লি ১০ বছর আগে বস্তাপ্রতি ছিল ৩০০ টাকা। এখন তার দাম এক হাজার ৪০০ থেকে দেড় হাজার টাকা। সব খরচ মিলে এখন ৩৫০ থেকে ৪০০ টাকার নিচে কোনো শাড়ি তৈরি করা যায় না। তাঁতমালিক মো. শহীদের কারখানায় ২৪টি তাঁত থাকলেও এখন চলছে ১০টি। এগুলো চালিয়ে রাখতেই তাঁর কষ্ট হচ্ছে বলে জানিয়ে শহীদ বলেন, এর মধ্যে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছেন বিভিন্ন মহাজন ও এনজিওর কাছ থেকে। বকেয়া পড়ে আছে সুতা ও রঙের দোকানেও। সুতা ও রঙের দামের তুলনায় শাড়ির দাম অনেক কম। ফলে তাঁতমালিকেরা লোকসান গুনছেন। তাঁতশিল্পের উন্নয়নে তাঁত বোর্ড থেকেও ঋণ দেওয়া হয়। কিন্তু অনিয়ম ও নানা জটিলতার কারণে সাধারণ তাঁতমালিকদের কাছে তা পৌঁছায় না। তাঁতশ্রমিক এরশাদ আলী তাঁতের কাজ ছেড়ে দিয়ে রঙের দোকানে কাজ নিয়েছেন। তাতে যা আয়, তা দিয়ে পাঁচজনের সংসার চালাতে হয় অতি কষ্টে। ছাতিহাটির তাঁতমালিক মোখলেস মিয়া চার মাস আগে নিজের ১৩টি তাঁত বন্ধ করে দিয়ে অন্যের কারখানায় কাজ নিয়েছেন। আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম, সোহেল মিয়া, তাসলিমা বেগম, শিউলী আকতারসহ অনেক তাঁতশ্রমিক বেকার হয়েছেন। তাঁত বোর্ড সূত্র জানায়, কালিহাতীর তাঁত চালু রাখতে তাঁতিদের জন্য ক্ষুদ্রঋণ প্রকল্প নেওয়া হয় ১৯৯৯ সালে। এর অধীনে একজন তাঁতমালিককে সর্বনিম্ন ১৩ হাজার থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। কালিহাতী উপজেলায় এক হাজার ২৫৫ জন তাঁতিকে দুই কোটি ২১ লাখ ৮৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। আগামী জুন মাসে এই প্রকল্প শেষ হচ্ছে। প্রকল্পের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত বাড়াতে তাঁত বোর্ড একটি প্রস্তাব পাঠিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করছে।তাঁতমালিকদের দুরবস্থার কথা স্বীকার করলেও ক্ষুদ্রঋণ বিতরণে অনিয়মের কথা অস্বীকার করেন টাঙ্গাইল তাঁত বোর্ডের ভারপ্রাপ্ত লিয়াজোঁ কর্মকর্তা মো. আসাদুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেন, সব তাঁতিকে একসঙ্গে প্রকল্পের আওতায় আনা সম্ভব নয়। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে ঋণ দেওয়া হয়।