কালিয়াকৈরে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
ভোটার তালিকায় নামে অমিল থাকায় গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা রয়েছে। কেন্দ্রগুলো হলো—সাত নম্বর ওয়ার্ডের চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্র, দেওয়ান আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের দুটি কেন্দ্র ও চান্দরা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের একটি। আর বাকি চারটি হলো—আট নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা জেনিট পিএল কিন্ডারগার্টেনের দুটি কেন্দ্র, পূর্ব চান্দরা আদর্শ কিন্ডারগার্টেনের একটি কেন্দ্র, পূর্ব চান্দরা এএস আইডিয়াল স্কুলের একটি কেন্দ্র।নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর-১) আবদুল বাতেন এক ফ্যাক্স বার্তায় উপজেলার রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদকে ওই আটটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দেন। আজ সকালে মালেক মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তালিকায় নামে ভুল থাকায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। পরে নামের সঠিক তালিকা কেন্দ্রে পৌঁছানোর পর দুই ঘণ্টা পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। একই সঙ্গে ভোটারদের ভোট প্রদানে যেন কোনো অসুবিধা না হয়, তাই তাদের অতিরিক্ত দুই ঘণ্টা সময় দেওয়া হবে বলেও জানা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত আলী বলেন, ‘ভুলবশত ওই সব কেন্দ্রে নামের ভুল তালিকা চলে এসেছে। ফলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ বন্ধ করে দেন।’ পূর্ব চান্দরা আদর্শ কিন্ডারগার্টেন কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি সকাল ১০টার দিকে জানিয়েছিলেন, সেখানে উত্তেজনা বিরাজ করছিল। ভোটাররা সকাল থেকে ভোট দিতে এলেও অনেকেই ফিরে গেছেন। মেয়র প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করছিল।জেনিট পিএল কিন্ডারগার্টেনের দুটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সেলিম হোসেন ও ওয়াজ উদ্দিন জানান, নামের যে তালিকা দেওয়া হয়েছে তার সঙ্গে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের নম্বরের মিল নেই। তাই সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর যাঁদের নামে ও জাতীয় পরিচয়পত্রের মিল পাওয়া যায়, তাঁদের ভোট নেওয়া হয়। পরে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রগুলোতে প্রচুর পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছে।