কালিয়াকৈরে জমি জালিয়াতির বিরুদ্ধে বিক্ষোভ, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি জালিয়াত চক্রের বিরুদ্ধে বিক্ষোভ করেছে গাজীপুরের কালিয়াকৈরের কয়েক গ্রামের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী মানুষের অভিযোগ, সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিস দুর্নীতির আখড়া। একশ্রেণীর কর্মকর্তার যোগসাজশে জমির ভুয়া দলিল তৈরি করে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করা হয়েছে।জালিয়াত চক্রের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গতকাল বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নের বাড়ইপাড়ায় সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় শত শত মানুষ এতে যোগ দেয়।সমাবেশে লিখিত দাবি উপস্থাপন করেন স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, জালিয়াতির মাধ্যমে ওয়াহিদুর রহমান, রাজ হাউজিংয়ের টিপু সুলতান, ডিগ ফুটওয়্যারের বরকত উল্লাহ খানের নামে যেসব হস্তান্তর দলিল (সাফ কবলা) ও আমমোক্তার দলিল হয়েছে, তা বাতিল করতে হবে। জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট দলিল লেখকদের সনদ তিন দিনের মধ্যে বাতিল করতে হবে।জালিয়াতি করে সাড়ে ১৬ হাজার শতাংশ (৫০০ বিঘা) জমির দলিল তৈরি করা হয়েছে বলে ভুক্তভোগী ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন। তবে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা জানান, গতকাল পর্যন্ত তাঁরা চার হাজার ১৫৩ শতাংশ জমির জাল দলিলের খোঁজ পেয়েছেন।মোজাম্মেল হক বলেন, এলাকাবাসীর আশঙ্কা, জালিয়াতকারীরা ভুয়া দলিলের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়েছেন। এসব জমি বন্ধক রেখে কেউ ব্যাংকঋণ নিয়ে থাকলে জমি অবমুক্তির ব্যবস্থা করা এবং জড়িত ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সাংসদ বলেন, সাব-রেজিস্ট্রি, তহশিল ও এসি ল্যান্ডের (সহকারী কমিশনার—ভূমি) অফিস দুর্নীতির আখড়া। এখন থেকে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে, যাতে দালাল চক্র চিহ্নিত করা যায়। জালিয়াতির মাধ্যমে কী পরিমাণ জমির নামজারি হয়েছে এবং কী পরিমাণ হস্তান্তর দলিল ও আমমোক্তার দলিল তৈরি হয়েছে, তার তালিকা প্রকাশের দাবি জানান তিনি।কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাদের দেখা মাত্র পুলিশের হাতে তুলে দিতে হবে।কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান বলেন, ‘ইতিমধ্যে সাব-রেজিস্ট্রি অফিস থেকে ১২টি জাল দলিল পাওয়া গেছে। সেগুলোতে চার হাজার ১৫৩ শতাংশ জমি তারা লিখে নিয়েছে। আমাদের ধারণা, সাব-রেজিস্ট্রি অফিসে তল্লাশি চালালে আরও জালিয়াতির হদিস পাওয়া যাবে।’আটাবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ আলীম বলেন, ‘জমি রেজিস্ট্রি করতে হলে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদপত্র নিতে হয়। কিন্তু এ রকম সনদ আমি তাদের দিইনি। তারা জালিয়াতি করে জমি রেজিস্ট্রি করেছে।’আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি নাছিম কবির, আবদুল লতিফ, বেলায়েত হোসেন, আকবর আলী, হুমায়ুন কবির খান, সিকদার মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সফিউর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।সাইনবোর্ড অপসারণ: সমাবেশের পর চন্দ্রা এলাকায় দেওয়ান প্রপার্টিজের টাঙানো একটি বিশাল আকৃতির সাইনবোর্ড অপসারণ করতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানান, সাইনবোর্ডের মাধ্যমে জমির মালিকানা দাবি করা হলেও বাস্তবে এখানে দেওয়ান প্রপার্টিজের কোনো জমি নেই। চুক্তি অনুযায়ী, তারা এই সাইনবোর্ডের জন্য জমির প্রকৃত মালিক শাহজাহান মিয়াকে বছরে এক লাখ ২০ হাজার টাকা ভাড়া দেয়।গতকাল সরেজমিনে রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা গেছে, ভুয়া দলিলে আওলাদ হোসেনের জন্ম দেখানো হয়েছে ৭ জুন, ১৯৫১ সাল। সে হিসাবে বর্তমানে তাঁর বয়স হওয়ার কথা ৬১ বছর। কিন্তু দলিলে তাঁর যে ছবি দেখা গেছে, তাতে তাঁর বয়স আশির বেশি হবে বলে স্থানীয় ব্যক্তিরা মনে করেন। এ ছাড়া জামিলুর রহমান স্থানীয়দের কাছে আওলাদ হোসেনের আমমোক্তার দলিলের যে নকল সরবরাহ করেছেন, তাতে আওলাদের বয়স উল্লেখ করা হয়নি। স্থানীয় লোকজনের মতে, সাব-রেজিস্ট্রার দায় এড়াতে দলিলের নকলে জন্ম তারিখ উল্লেখ করেননি। জালিয়াতকারী হিসেবে চিহ্নিত দলিলের গ্রহীতা ওয়াহিদুর রহমানের যে ছবি ব্যবহার করা হয়েছে, তা অস্পষ্ট।বড়ইছুটি গ্রামের বাসিন্দা তোয়াব আলী জানান, কোনো আবেদন না করলেও গত মার্চে তহশিল অফিস তাঁর ৮১ শতাংশ জমি তাঁর নামে নামজারি করেছে। তাঁর সন্দেহ, জালিয়াত চক্র ভুয়া মালিক সাজিয়ে জমি হাতিয়ে নেওয়ার জন্য নিজেদের উদ্যোগে নামজারি করিয়েছে। এই নামজারির কাজ সম্পাদন করেছেন স্থানীয় তহশিলদার কাওসার হোসেন। বর্তমানে তিনি সফিপুর ইউনিয়ন ভূমি অফিসে কাজ করছেন। এর আগে এই কর্মকর্তা দুর্নীতির অভিযোগে কয়েক দফা সাময়িক বরখাস্ত হয়েছিলেন।তদন্ত কমিটি: এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। আর ভূমি মন্ত্রণালয় থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল প্রথম আলোতে ‘৫০০ বিঘা জমির জাল দলিল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিষয়টি তদন্তের জন্য নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান আবদুল মান্নানকে নির্দেশ দেন।জানতে চাইলে আবদুল মান্নান বলেন, আইন মন্ত্রণালয়ের উপসচিব অরূপ কুমার গোস্বামীকে প্রধান করে এক সদস্যের কমিটি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া এই বিষয়ে ভূমি কর্মকর্তাদের কোনো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখতে গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন ভূমিসচিব মোখলেছুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, তদন্তের পর অবশ্যই জাল দলিল বাতিল করা হবে।