কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই টেম্পো যাত্রীর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় আজ সোমবার সকালে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন টেম্পোর দুই যাত্রী। জয়দেবপুর-রাজশাহী রেললাইনের কালামপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—উপজেলার কালামপুর গ্রামের বিজয় বর্মণের ছেলে ভুবন বর্মণ (৩৫) এবং একই গ্রামের শ্রীমন্ত বর্মণের স্ত্রী মায়া বর্মণ (৬৫)। নিহতেরা সম্পর্কে জামাই-শাশুড়ি।নিহতদের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামের ভুবন তাঁর শাশুড়ি মায়াকে নিয়ে টেম্পোতে করে আজ সকাল সাড়ে সাতটার দিকে চন্দ্রা এলাকায় যাচ্ছিলেন। পথে কালামপুর এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় টেম্পোটিকে ধাক্কা দেয় রাজশাহীগামী ধূমকেতু ট্রেনটি। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের পরিবার তাঁদের উদ্ধার করে বাড়িতে যায়।গাজীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়াউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।