কালিয়াকৈরে তিতাসের ভূ-গর্ভস্থ্য পাইপে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় তিতাসের ভূগর্ভস্থ পাইপ ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের পূর্বপাড়ায় মালেক স্পিনিং কারখানার গেটের সামনে দীর্ঘদিন ধরে তিতাসের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল। আজ বেশির ভাগ শিল্পকারখানা বন্ধ থাকায় ওই ফাটল দিয়ে ব্যাপক হারে গ্যাস বের হতে থাকে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাত্ করেই ওই পাইপে আগুন ধরে যায়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই আশপাশের দোকানপাট বন্ধ করে দেয় এবং মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।সফিপুর বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, ওই স্থানে ব্রিজের পাশে দীর্ঘদিন ধরে তিতাসের ভূগর্ভস্থ গ্যাসপাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল। তিতাস কর্তৃপক্ষ কয়েকবার কাজও করেছে এখানে। তার পরও এখন পর্যন্ত তা মেরামত করা হয়নি।তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, গ্যাসলাইনের ফাটলটি টঙ্গী তিতাস অফিসের মেরামত করার কথা থাকলেও তারা কী কারণে কাজটি শেষ করেনি, তা জানা নেই। তবে ঘটনাস্থলে তিতাসের একটি দল গিয়েছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সামাদ জানান, গ্যাসের চাপে ব্যাপকতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগেছে।