কালিয়াকৈরে দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওই কারখানা দুটির শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির কারণেই আজ সোমবার বিকেলে কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়।কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্রে জানা গেছে, উপজেলার হিজলহাটি এলাকার বিডি হ্যাচং সোয়েটার ও হেচং গার্মেন্টস লিমিটেড নামের দুটি কারখানায় গত শুক্রবার সকালে শ্রমিকেরা পিসপ্রতি ২০ টাকা মুজুরি বৃদ্ধির দাবিতে কারখানায় বিক্ষোভ সমাবেশ ও হামলা-ভাঙচুর করেন। এরপর শ্রমিকেরা কর্মবিরতিসহ বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রাখেন।আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েই আবার কর্মবিরতি দিয়ে বিক্ষোভ-সমাবেশ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে সমঝোতা করতে ব্যর্থ হয়ে বিকেলে কারখানা দুুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেটের সামনে নোটিশ টানিয়ে দেয়।কারখানার শ্রমিকেরা জানান, প্রতি পিস সোয়েটার তৈরির জন্য ৪৫ টাকা দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ পিসপ্রতি ২৫ টাকা করে দেয়। ফলে শ্রমিকেরা কর্মবিরতি ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটান।কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. বাদল মোল্লা জানান, শ্রমিকদের কিছু দাবি মালিক মেনে নিলেও তাঁদের অযৌক্তিক কিছু দাবি না মানায় শ্রমিকেরা আন্দোলন করেন। ফলে কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি ও বিক্ষোভের জের ধরে মালিকপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারখানার সামনে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।