কালিয়াকৈরে পুলিশ ভ্যানের চাপায় শিশু নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকালে পুলিশের পিকআপ ভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।নিহত শিশুর নাম আজহারুল ইসলাম (১০)। সে তার বাবা তারা মিয়ার সঙ্গে কালিয়াকৈরে থাকত। তাদের বাড়ি নেত্রকোনার পশ্চিম কোনাপাড়া এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে আজহারুল রাস্তা পারাপারের জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কালিয়াকৈর থেকে গাজীপুরগামী পুলিশের একটি পিকআপ ভ্যান মহাসড়কে যানজট থাকায় রং সাইড দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। একপর্যায়ে ভ্যানটি আজহারুলকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।দুর্ঘটনাস্থলের পাশের মসজিদের ইমাম ওবাইদুল জানান, পিকআপ ভ্যানটিতে পুলিশের সাইন এবং সামনে পুলিশের পোশাকধারী দুজন বসা ছিলেন। এলাকাবাসী ভ্যানটিকে ধাওয়া করলে পুলিশ পিস্তল বের করে ভয় দেখিয়ে পালিয়ে যায়।দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে ১০ কিলোমিটার যানজট তৈরি হয়। হাইওয়ে ও মৌচাক ফাঁড়ি পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পিকআপ ভ্যানটি পুলিশের ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদরে পাঠিয়েছে।