কালিয়াকৈরে পোশাক কারখানা লে-অফ ঘোষণা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় অব্যাহত গ্যাসসংকটের কারণে একটি পোশাক কারখানা আজ বৃহস্পতিবার থেকে লে-অফ ঘোষণা করা হয়েছে। এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং লিমিডেট নামের কারখানাটি হঠাত্ লে-অফ ঘোষণা করায় শত শত শ্রমিক হাতাশার মধ্যে পড়েছেন।কারখানার কর্মকর্তারা জানান, কারখানাটিতে দীর্ঘ দুই মাস ধরে গ্যাসের চাপ খুবই কম। গ্যাসের চাপ কম থাকায় জেনারেটর দিয়ে কারখানা চালাতে হয়, যা খুবই ব্যয়বহুল। ফলে প্রতি মাসে কারখানা কর্তৃপক্ষকে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে। গ্যাসের এ সংকট সম্পর্কে গাজীপুর গ্যাস অফিসে একাধিকবার লিখিত অভিযোগ জানালেও তাতে সমস্যার কোনো সমাধান হয়নি।কারখানা কর্তৃপক্ষ কারখানার সামনে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছে—যাতে লেখা রয়েছে, ‘অব্যাহত গ্যাস সংকটের কারণে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা মোতাবেক ১৩ এপ্রিল থেকে কারখানা লে-অফ ঘোষণা করা হলো এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে কারখানা খুলে দেওয়া হবে।’ এতে আরও লেখা রয়েছে, ‘কারখানা খোলা হলে শ্রমিকদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৬ ধারা মোতাবেক লে-অফজনিত ক্ষতিপূরণ দেওয়া হবে।’ নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, কারখানার অভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য এবং উত্পাদন কম থাকায় কারখানা কর্মকর্তারা গত তিন মাস ধরে বেতন পাননি।কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুস সালাম চৌধুরী বলেন, ‘কারখানায় গ্যাসসংকটের কারণে লে-অফ ঘোষণা করতে আমরা বাধ্য হয়েছি। কারখানা আবার চালু হলে শ্রমিকদের চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হবে।’ মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, কারখানা লে-অফ ঘোষণা করায় শ্রমিকেরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারেন তার জন্য কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।