কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন, আহত ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় আজ শুক্রবার সকালে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।কারখানা ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, পূর্বচান্দরা এলাকার ডালাস ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় সুতা ও কাপড়ের গোডাউনে আজ সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচজন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের সফিপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ জানান, অগ্নিকাণ্ডে কারখানার বিপুল পরিমাণ সুতা ও কাপড় পুড়ে যায়। এতে চার কোটি ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এ ব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবদুস সামাদ আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন।