কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে আজ রোববার সকালে আর এস নিট কম্পোজিট ও ড্রেসমি নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। কারখানা শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকায় ওই কারখানায় ১৯ জন শ্রমিককে অনিয়মের অভিযোগ এনে ছাঁটাই করা হয়। ছাঁটাইকৃতদের পুনর্বহাল এবং কারখানার কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে সকাল নয়টার দিকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তাঁরা সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, গাজীপুর শিল্পপুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে একপর্যায়ে শ্রমিকদের লাঠিপেটা করে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে আবার যানচলাচল শুরু হয়। পুলিশের লাঠিপেটায় এ সময় অন্তত ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকার দেওয়ান ক্লিনিকে ভর্তি করা হয়েছে।কারখানার মহাব্যবস্থাপক আলী আশরাফ জানান, কারখানার নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫ জুলাই ১৯ শ্রমিককে শোকজ নোটিশ দেওয়া হয়। শ্রমিকেরা তা গ্রহণ না করে উল্টো পদত্যাগ করেন। পদত্যাগের পর শ্রম আইন অনুযায়ী তাঁদের পাওনা বেতন-ভাতা ও আগামী ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। এর পরও তাঁদের চাকরিতে ফিরিয়ে আনতে অযৌক্তিকভাবে শ্রমিকেরা বিক্ষোভ করছেন।কিন্তু ছাঁটাই হওয়া কয়েকজন শ্রমিক নাম না প্রকাশের শর্তে জানান, কারখানা থেকে তাঁদের কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। তাঁরা কোনো নিয়ম ভঙ্গ করেননি উল্লেখ করে বলেন, তাঁদের গত মাসের বেতন দিয়ে আর কাজে না আসতে বলা হয়েছে। কোনো ঈদ বোনাস দেওয়া হয়নি।গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ আজকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।