কালিয়াকৈরে বাসচাপায় দুই শিশু নিহত
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর নামক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শুক্রবার সন্ধ্যায় বাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখে। নিহতেরা হলো উপজেলার বোর্ডঘর এলাকার মতিয়ার মিয়ার মেয়ে মোমেনা আক্তার (১০) ও একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে মিজানুর (৮)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকার ওই পথ দিয়ে আজ সন্ধ্যা ছয়টার দিকে মোমেনা ও মিজানুর খেলা শেষে বাড়ি ফিরছিল। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোমেনা ও মিজানুরের মৃত্যু ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে গোড়াই হাইওয়ে থানার পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর এলাকাবাসী অবরোধ তুলে নেয়।হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে আটক করা সম্ভব হয়নি।