কালিয়াকৈরে স্থগিত করা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের স্থগিত আট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।যেসব কেন্দ্রে ভোট হচ্ছে, সেগুলো হলো—৭ নম্বর ওয়ার্ডের চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওয়ান আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্র-১, দেওয়ান আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্র-২ ও চান্দরা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্র এবং ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা জেনিথ পিএল কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্র-১, পূর্ব চান্দরা জেনিথ পিএল কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্র-২, পূর্ব চান্দরা আদর্শ কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্র ও পূর্ব চান্দরা এ এস আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল ভোট কেন্দ্র। এ আট কেন্দ্রে মোট ভোটার ৩১ হাজার ৩৬৭ জন।গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভার নির্বাচনে এ আটটি কেন্দ্রের ভোটার তালিকায় গরমিলের কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছিল। কিন্তু মেয়র প্রার্থী মজিবুর রহমান ওই স্থগিত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী হাইকোর্ট নির্বাচন কমিশনকে গণবিজ্ঞপ্তি জারি করে ২৯ অক্টোবরের মধ্যে স্থগিতকৃত আট কেন্দ্রে পুনর্নির্বাচন করার নির্দেশ দেন। হাইকোর্টের আদেশ এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবির মুরাদ ২৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেন।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবির মুরাদ জানান, পৌরসভার আটটি কেন্দ্রের প্রতিটিতে ভ্রাম্যমাণ আদালত, প্রচুর পুলিশ, আনসার সদস্য ও র্যাব-১-এর সদস্য রয়েছেন। ১৭ জানুয়ারি কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ২৮টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মজিবুর রহমান পেয়েছিলেন ২১ হাজার ৭৭০ ভোট। তাঁর নিকটতর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত সিকদার মোশারফ পেয়েছেন চার হাজার ৩৬৫ ভোট।