কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা নামক স্থানে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: লেগুনার চালক রিপন হোসেন (৩০), যাত্রী নবীউল্লাহ (৫০) ও মুকুল মিয়া (২৮)। আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে উপজেলার তেলিরচালা নামক স্থানে কালিয়াকৈরগামী একটি ট্রাক ও বিপরীতগামী যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনাটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। পরে হাইওয়ে পুলিশ মৃতদেহগুলো গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।কোনাবাড়ীর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) অবদুল হালিম বলেন, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।