কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর নামক এলাকায় আজ রোববার সন্ধ্যায় একটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০।নিহত ব্যক্তিরা হলেন একটি বাসের সহকারী বজলুর রহমান (৩০), মোটরসাইকেলের দুই আরোহী ধামরাই উপজেলার যাদবপুর গ্রামের বদরউদ্দিন (৭৫) ও তাঁর ছেলে শহিদুল ইসলাম (৩০)।আহত ব্যক্তিদের মধ্যে বুলবুল, জুলহাস, সারোয়ার, লিজা, হালিমা, রাজ্জাক, ফারুক, তুহিন, শিরিন, অনিতা, আলামিন, করিম, সোলাইমান, শওকত, লিটন, আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় বোর্ডঘর এলাকার আল-জামি হাসপাতাল, মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার ওই এলাকায় পৌঁছালে উত্তর বঙ্গগামী গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় বাস দুটির মাঝে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।