কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার দুজনের মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া (বোর্ডঘর) এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ওই এলাকায় আজ ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার হাতিলেইট গ্রামের আয়েন আলীর ছেলে ইব্রাহীম খলিল (২৮) এবং তাঁর সহকারী একই গ্রামের গফুর মিয়ার ছেলে জুলহাস (৩০) নিহত হন।আহত হয় পিকআপ ভ্যানের আরও পাঁচজন যাত্রী। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেওহাটা হাইওয়ে ফাঁড়ি পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। কিন্তু দুর্ঘটনার পরপর ট্রাকের চালক সেটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা করা হয়েছে।